ফিফাকে রীতিমতো ধুয়ে দিলেন বিয়েলসা

প্রকাশ : ২২ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

মাঠের পাশে যখন নীল রঙের প্লাস্টিকের আইসবক্সগুলো এসে দাঁড়ায়, খেলাটা আচমকা থমকে যায়। রেফারি বাঁশি বাজান। টেলিভিশনের পর্দা থেকে খেলা চলে যায় বিজ্ঞাপনের আলো ঝলমলে দুনিয়ায়। ফিফা একে বলছে ‘হাইড্রেশন ব্রেক’। আমেরিকার তীব্র গরমে খেলোয়াড়দের একটু স্বস্তি দেওয়ার আধুনিক দাওয়াই। কিন্তু মাঠের এক কোণে, ট্র্যাকস্যুট পরে উবু হয়ে বসে থাকা ৭০ বছর বয়সী এক প্রবীণের চোখে এই বিরতি যেন ফুটবলের পবিত্র সংস্কৃতির ওপর করপোরেট কুঠারাঘাত।

তিনি মার্সেলো বিয়েলসা। ফুটবলের এক নিঃসঙ্গ দার্শনিক ও সাধক। অকপট কথা বলতে জীবনে কখনো দুবার ভাবেননি।

অপ্রিয় সত্যি বলতেও। বিশ্বকাপে ফিফার চালু করা ‘হাইড্রেশন ব্রেক’ নিয়ে এরই মধ্যে সমালোচনা হচ্ছে চারপাশে। সেই সমালোচকদের তালিকায় বিয়েলসার নামটা যে যোগ হতে যাচ্ছে, এ নিয়ে খুব একটা সন্দেহ আসলে ছিল না।

হলোও তাই। ‘এল লোকো’ হিসেবে খ্যাত উরুগুয়ের এই আর্জেন্টাইন কোচ হাইড্রেশন ব্রেক নিয়ে রীতিমতো ধুয়ে দিয়েছেন ফিফাকে। তাঁর মতে, ম্যাচের দুই অর্ধে যোগ হওয়া এই বিরতি ফুটবলে নতুন কিছুই যোগ করছে না, বরং এই খেলার আসল সাংস্কৃতিক ঐতিহ্যকে ধ্বংস করছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর আয়োজক শহরগুলোর তীব্র গরমের কথা বিবেচনা করে ম্যাচের প্রতি অর্ধে (মাঝামাঝি সময়ে) তিন মিনিটের হাইড্রেশন ব্রেক চালু করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।