আজ মুখোমুখি আর্জেন্টিনা-অস্ট্রিয়া

প্রকাশ : ২২ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

উড়ন্ত শুরু পাওয়া আর্জেন্টিনা ও অস্ট্রিয়া মুখোমুখি হওয়ার অপেক্ষায়। দুই দলের সামনে, উত্তর আমেরিকা বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার হাতছানি। এই ম্যাচটি আবার হয়ে উঠতে পারে, ‘জে’ গ্রুপে সেরা হওয়ার লড়াইও। অনুমিতভাবে এগিয়ে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ছেড়ে কথা বলবে না অস্ট্রিয়াও। ডালাসের ম্যাচ ঘিরে তাই বাজছে ‘যুদ্ধে’র ডামাডোল। আক্রমণভাগে মহাতারকা লিওনেল মেসির উপস্থিতি এগিয়ে রাখছে আর্জেন্টিনাকে। আলজেরিয়া ম্যাচে দারুণ এক হ্যাটট্রিক উপহার দিয়ে এই ফরোয়ার্ড দেখিয়ে দিয়েছেন, ৩৮ বছর বয়স তার কাছে স্রেফ সংখ্যা। ওই হ্যাটট্রিকে রেকর্ডের অনেক পাতা ওলট-পালট করে দেওয়া মেসির সামনে এখন আরও তিনটি চূড়ায় পা রাখার সুযোগ।

জার্মান গ্রেট মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের, সর্বোচ্চ ১৬ ম্যাচ জয়ের এবং ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভেলিনোর বক্সের বাইরে থেকে করা সর্বোচ্চ ৫ গোলের রেকর্ড- এই তিন কীর্তি গড়ার দুয়ারে মেসি। আর্জেন্টিনার দৃষ্টি অবশ্য, গ্রুপের বৈতরণী পেরিয়ে নকআউটে ওঠা। গ্রুপ সেরা হয়ে, শেষ বত্রিশে উঠতে জিততে হবে আর্জেন্টিনাকে। গ্রুপের অন্য ম্যাচে, জর্ডান যদি আলজেরিয়াকে হারাতে না পারে, তাহলে সমীকরণ মিলে যাবে লিওনেল স্কালোনির দলের।

একই সম্ভাবনা আছে অস্ট্রিয়ারও। রালফ রাংনিকের দল যদি আর্জেন্টিনাকে হারিয়ে দেয়, আর আলজেরিয়া হারাতে ব্যর্থ হয় জর্ডানকে, তাহলে ছয় আসর পর বিশ্বকাপে ফেরা দলটি উঠবে গ্রুপের শীর্ষে।

অস্ট্রিয়ার হিসাব ওলট-পালট মেসি করে দিতে পারেন একাই। দলটির অধিনায়ক ডাভিড আলাবা কথাটি বলেছিলেন, জর্ডানের বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচের শেষে। ওই দিনই, আগের ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে আর্জেন্টিনা হারিয়েছিল মেসির হ্যাটট্রিকে সওয়ার হয়ে। “আমরা যাওয়ার আগে, ওদের ম্যাচটা নিশ্চিতভাবেই দেখেছিলাম। হ্যাটট্রিক দিয়ে এমন একটি টুর্নামেন্ট মেসির শুরু করাটা অবিশ্বাস্য। পাগলাটে ব্যাপারৃআশা করুন, আগামী সপ্তাহে যেন সে এটা করতে না পারে।” “আমরা জানি, কী ধরণের দলের বিপক্ষে আমরা খেলতে যাচ্ছি, কি মানের খেলোয়াড় তাদের আছে; এমনকি, মেসি ছাড়াও, দলীয়ভাবে তারা কী করতে সক্ষম।”

অস্ট্রিয়ার আশা, দলীয় প্রচেষ্টায় চাপ দিয়ে আর্জেন্টিনার ছন্দ কেটে দেওয়ার। আলবেসিলেস্তাদের সহকারী কোচ পাবলো আইমারও আগেভাগে সতর্ক করে দিয়েছেন দলকে। আলজেরিয়ার চেয়ে অস্ট্রিয়া ম্যাচে যে, ভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, বলেছেন এই সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার।