সুইডেনকে ৫ গোলে ভাসাল নেদারল্যান্ডস
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
দারুণ সব আক্রমণে প্রতিপক্ষের রক্ষণে বারবার ভীতি ছড়াল সুইডেন, যদিও আগের ম্যাচের মতো ফিনিশিংয়ে কার্যকর হতে পারল না তারা। অন্যদিকে, দুই অর্ধের শুরুতে দুইবার করে জালে বল পাঠিয়ে লড়াইয়ের নিয়ন্ত্রণ নিল নেদারল্যান্ডস। তাই ম্যাচে রোমাঞ্চ ছড়ালেও, ফল নিয়ে তেমন কোনো নাটকীয়তা হলো না। হিউস্টনের দর্শকে ভরা স্টেডিয়ামে দুটি করে গোল করলেন ব্রায়ান ব্রবি ও কোডি গাকপো। শনিবারের ম্যাচটি ৫-১ গোলে জিতে, ‘এফ’ গ্রুপ থেকে নকআউট পর্বে ওঠার পথে এগিয়ে রইল রোনাল্ড কুমানের দল। তাদের আরেক গোলদাতা সামারভিল। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল নেদারল্যান্ডস। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে সুইডেন।
১ পয়েন্ট নিয়ে তিনে জাপান, তিউনিসিয়ার এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। এই দুই দল অবশ্য একটি করে ম্যাচ কম খেলেছে। পজেশন রাখায় দুই দলই ছিল সমানে-সমান। আক্রমণ যদিও বেশি করে সুইডেন, গোলে শটও তারা নেয় বেশি। কিন্তু তাদের ব্যর্থতার ভিড়ে আসল কাজটা করেছে নেদারল্যান্ডস। গোলের জন্য ১৬ শট নিয়ে আটটি লক্ষ্যে রাখতে পারে সুইডেন। আর সবশেষ ২০১০ বিশ্বকাপের রানার্সআপরা ১০ শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে। সুইডিশদের দারুণ সব শট দুর্দান্ত সেভ করে ব্যবধান গড়ে দেওয়ার আরেক ডাচ নায়ক বার্ট ভেরব্রুহেন। জাপানের বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও জিততে না পারা ডাচরা এদিন শুরুটা করে দুর্দান্ত। ব্রবির নৈপুণ্যে প্রথম কুলিং ব্রেকের আগেই দুই গোলে এগিয়ে যায় তারা। প্রথম গোলের দেখা মেলে পঞ্চম মিনিটে। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে কোডি গাকপো বল বাড়ান ছয় গজ বক্সে, আর প্রতিপক্ষের দুই জনের মাঝ দিয়ে ছুটে নিখুঁত শটে দলকে এগিয়ে নেন সান্ডারল্যান্ড ফরোয়ার্ড ব্রবি। এক মিনিট পরই সমতায় ফেরার দারুণ সুযোগ তৈরি করে প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়া সুইডেন। তবে ভিক্তর ইয়োকেরেশের শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন ভেরব্রুহেন।
চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণ, এর মাঝেই ১৭তম মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যায় বিশ্বকাপে তিনবারের রানার্সআপরা।
