হারারেতে দলের সঙ্গে যোগ দেবেন হাসান

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

আগের ম্যাচের মতো এবার বল হাতে ততটা জ্বলে উঠতে পারেননি হাসান মাহমুদ। তবে খানিকটা অবদান রাখলেন ঠিকই। মিডলসেক্সকে ৪৯ রানে হারিয়ে দারুণ এক জয়ের দেখা পেল কেন্ট। হাসান এখন হারারেতে যোগ দেবেন বাংলাদেশ টেস্ট দলের সঙ্গে। হাসান যোগ দেওয়ার আগে টানা দুই ম্যাচ হেরেছিল কেন্ট।

বাংলাদেশের পেসারকে নিয়ে টানা দুই জয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টু-তে দলটি এখন পয়েন্ট তালিকার দুইয়ে।

প্রথম ইনিংসে দুটি উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে হাসানের উইকেট একটি। আগের ম্যাচে কাউন্টি অভিষেকে ৯ উইকেট শিকার করেছিলেন ২৬ বছর বয়সী পেসার। ক্যান্টারবুরিতে ম্যাচের প্রথম ইনিংসে কেন্ট ৪১৬ রান করার পর মিডলসেক্স করেছিল ৪৪৩ রান।

২৭ রানে পিছিয়ে থাকা কেন্ট দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২৫৭ রানে। শেষ ইনিংসে সোমবার ২৩১ রানের লক্ষ্যে খেলতে নেমে মিডলসেক্স গুটিয়ে যায় ১৮১ রানে। শুরু থেকেই নিয়মিত উইকেট হারিয়ে এক পর্যায়ে মিডলসেক্সের রান ছিল ৭ উইকেটে ৯৩। জাফার গোহার ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলে ব্যবধান কমান।

হাসানের একমাত্র শিকার ক্যালেব ফ্যাকোনার। ভেতরে ঢোকা বলে স্টাম্প উপড়ে যায় ডানহাতি ব্যাটসম্যানের। প্রথম ইনিংসেও একইরকম ডেলিভারিতে তরুণ এই ব্যাটসম্যানের স্টাম্প উড়িয়ে দিয়েছিলেন হাসান। কেন্টের অভিজ্ঞ পেসার ম্যাট মিল্নস উইকেট নেন ৫টি, কিথ ডাজন ৩টি। দুই ম্যাচে দুই জয়ে প্রথম ধাপের কাউন্টি অভিযান শেষ হাসানের। চোট কাটিয়ে জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ টেস্ট দলে জায়গা করে নিয়েছেন তিনি। আগামী রোববার শুরু হারারে টেস্ট। বিসিরি ছাড়পত্র পেলে আগামী সেপ্টেম্বরে আবার কাউন্টিতে ফিরে চারটি ম্যাচ খেলার কথা তার।