দলের অবনতি হলেও ২৭ ধাপ উন্নতি নাসুমের

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ তিন ম্যাচে হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে র‍্যাংকিংয়ে বড় উন্নতি হয়েছে তিন ক্রিকেটারের। তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে নাসুম আহমেদ। এক লাফেই ২৭ ধাপ এগিয়েছে এই বাঁহাতি। সিরিজের প্রথম ম্যাচে সুযোগ পাননি নাসুম। পরের দুই ম্যাচ খেলে উইকেট নিয়েছেন তিনটি, ওভারপ্রতি রান দিয়েছেন ৫.২৮। ২৭ ধাপ এগিয়ে তিনি জায়গা করে নিয়েছেন ১১ নম্বরে। তার ক্যারিয়ার সেরা অবস্থান অবশ্য এটি নয়। সেরা দশে জায়গা করে নিয়েছিলেন তিনি আগে। ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে ১৩ ধাপ এগিয়েছেন সাইফ হাসান। যদিও সিরিজে তার পারফরম্যান্স খুব উল্লেখযোগ্য কিছু ছিল না। প্রথম ম্যাচে করেছিলেন তিনি ২০, পরের ম্যাচে ৪২। শেষ ম্যাচে আউট হন ১ রানেই। তার অবস্থান এখন ৩৫ নম্বরে। প্রথম ম্যাচে ৮ রানে ফিরলেও পরের দুই ম্যাচে ৩৫ ও ৬১ রানের ইনিংস খেলে তাওহিদ হৃদয়ের উন্নতি ৯ ধাপ।