‘পাতানো’ ড্রয়ে ইরান বাদ! অস্বীকার অস্ট্রিয়া কোচের
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
ম্যাচের আগে থেকেই জল্পনা তুঙ্গে। আলজেরিয়ার বিপক্ষে ড্র হলেই দুই দলেরই নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছিল। ফলে বিশ্বকাপের ‘জে’ গ্রুপের শেষ ম্যাচ ঘিরে অনেকে শঙ্কা প্রকাশ করেছিলেন, দেখা যেতে পারে কোনো ‘সমঝোতার ড্র’। কিন্তু মাঠে যা ঘটল, তা যেন সব জল্পনা-কল্পনাকেই ছাপিয়ে গেল। আলজেরিয়া-অস্ট্রিয়ার ম্যাচটা যারা দেখেছেন, তারা নিশ্চয় বুঝতে পারবেন। গোল, পাল্টা গোল-সমীকরণ ক্ষণে ক্ষণে বদলে যাওয়া কানসাসের ম্যাচটা থ্রিলার নয় তো কী?
তবে দিন শেষে ৩-৩ গোলে ড্র হওয়ার পর আলজেরিয়া-অস্ট্রিয়ার কেউই অসন্তুষ্ট নয়, কিন্তু শেষ মুহূর্তে হৃদয়ভঙ্গ হয়েছে ইরানের। এই ড্রয়েই যে নিশ্চিত হয়ে গেছে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে! সে জন্য যদি কেউ আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচটাকে ‘সাজানো’ মনে করেন, সেটা উড়িয়ে দিয়েছেন দুই দলেরই কোচ। কানসাসের এই ম্যাচে ২৮ মিনিটে মার্ক আরনুতিভিচের গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া। ৪৫ মিনিটে রফিক বেলঘালি সমতা ফেরান আলজেরিয়ার হয়ে। দ্বিতীয়ার্ধে দারুণ এক আক্রমণ থেকে অস্ট্রিয়াকে আবার এগিয়ে দেন মার্সেল সাবিতজার।
আবার আলজেরিয়ার ফেরার পালা, এবার সমতা ফেরান রিয়াদ মাহরেজ। এরপর মনে হচ্ছিল হয়তো ২-২ গোলেই শেষ হতে যাছে ম্যাচটা। হতাশায় টিভি সেটের সামনে থাকা ইরান দল হয়তো উঠেই গিয়েছিল। কিন্তু যোগ করা সময়ে আবার মাহরেজের গোল। আলজেরিয়া এগিয়ে। কিন্তু ম্যাচটা তো হিচককের সিনেমা, মোচড়ের পর মোচড়! যোগ করা সময়েরও নির্ধারিত সীমা পার হয়ে যাওয়ার পর কালাইজিচের হেডে আবার সমতা ফেরে অস্ট্রিয়া, শেষ মুহূর্তে নিশ্চিত করে পরের পর্বে খেলা।
