বাংলাদেশও একদিন বিশ্বকাপে খেলবে
জামাল ভূঁইয়ার দাবি
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

কেপ ভার্দে, কুরাসাওয়ের মতো ছোট ছোট দেশগুলো খেলছে এবারের বিশ্বকাপে। এই দেশগুলোর ফুটবলাররা নিয়মিত ইউরোপিয়ান লিগে খেলে। মরক্কো গত বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল, কারণ তারা পুরোপুরি প্রবাসী ফুটবলার নির্ভর। হামজা চৌধুরী, শামিত সোমদের সাথে আরো ভালো মানের প্রবাসী ফুটবলার যুক্ত হলে বাংলাদেশকেও ভবিষ্যতে বিশ্বকাপ দেখা যেতে পারে বলে মনে করেন অধিনায়ক জামাল ভূঁইয়া। যদিও বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের ক্ষেত্রে বেশ কিছু অন্তরায় তুলে ধরেছেন জামাল। তার মতে, ঘরোয়া ফুটবলে সেরা হওয়ার লক্ষ্যে ক্লাবগুলোর ফরোয়ার্ড লাইনে শুধু বিদেশিদের প্রাধান্য থাকায় ভুগছে বাংলাদেশ। তৈরি হচ্ছে না কোন দক্ষ স্ট্রাইকার। এটাই বাংলাদেশের ফুটবল অগ্রগতির মূল অন্তরায়। বিশ্বকাপ ফুটবলের খেলা দেখার জন্য এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তাকে নিউইয়র্কে সংবর্ধনা দেন বিশ্বের প্রথম খেলাধুলাভিত্তিক সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গেমপ্লিফাই এক্সওয়াইজেড। সংবর্ধনা অনুষ্ঠোনে যোগ দেন প্রবাসী বাংলাদেশিরা। ছিলেন গেমপ্লিফাইয়ের চেয়ারম্যান মশিউর রহমান। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা জামাল ভূঁইয়ার সঙ্গে ছবি তোলার সুযোগ পান। গেমপ্লিফাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন জামাল।
ব্রাজিলের কট্টর সমর্থক বাংলাদেশ অধিনায়ক হিউস্টনে দেখবেন প্রিয় দলের খেলা।
সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলতে গিয়ে জামাল ভূঁইয়া বলেন, ‘বিশ্বকাপে খেলার উজ্জ্বল সম্ভাবনা আছে বাংলাদেশের। কিন্তু এ লক্ষ্য অর্জন করার ক্ষেত্রে কিছু অন্তরায় রয়েছে। বাংলাদেশে দক্ষ স্ট্রাইকারের অভাব, ক্লাবগুলোর অসুস্থ প্রতিযোগিতা ও ফুটবল শুধু ঢাকা শহর কেন্দ্রিক হওয়ায় বিশ্বকাপে খেলার শুধু স্বপ্নই দেখে যেতে হচ্ছে।’
