ভুলে ভরা টাইব্রেকারে শেষ ষোলোতে মরক্কো

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

গ্রুপ পর্বের নায়ক ইসমায়েল সাইবারি নকআউটের প্রথম ম্যাচে মিইয়ে রইলেন অনেকটাই। তবে টাইব্রেকারে শেষ শটে দলকে জেতানোর গুরুভার পড়ল তার ওপরই। প্রবল চাপের মধ্যে ঠাণ্ডা মাথায় বল জালে জড়ালেন তিনি। রুদ্ধশ্বাস টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোয় পা রাখল মরক্কো। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচটিতে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষ হয় ১-১ গোলে সমতায়। টাইব্রেকারে মরক্কো জিতে যায় ৩-২ গোলে। অথচ নির্ধারিত সময়েই বিদায়ের দুয়ারে পৌঁছে গিয়েছিল তারা। গত বিশ্বকাপে সেমিফাইনালে খেলা দলটি পিছিয়ে ছিল ৯০ মিনিট পর্যন্ত।

অনাগত সন্তানকে হারানোর শোক সঙ্গী করে ম্যাচটি খেলতে নামা কোডি গাকপো ৭২তম মিনিটে এগিয়ে দেন নেদারল্যান্ডসকে। কিন্তু ক্যারিয়ারের প্রথম গোলটি করার জন্য এই দিনটিকেই বেছে নেন ইসা জিওপ। বয়সভিত্তিক পর্যায়ে অনূর্ধ্ব-১৬ থেকে অনূর্ধ্ব-২১ পর্যন্ত ছয়টি ধাপে ফ্রান্সের হয়ে খেলা সেন্টার ব্যাক গত মার্চে অনুমতি পান মায়ের দেশ মরক্কোর হয়ে খেলার। ডুবতে থাকা দলকে জিইয়ে রাখে তার হেডের গোল। এরপর টাইব্রেকারের রুদ্ধশ্বাস নাটক। ১০ শটের মাত্র ৫টি জালে ঢোকে।

দুই টসের দুটিই জিতে নিজেদের পছন্দের প্রান্ত বেছে নেওয়ার পাশাপাশি আগে শটও নেয় নেদারল্যান্ডস। গোল করেই শুরু করেন টেওন কুপমাইনার্স। মরক্কোর প্রথম শটই মিস করেন নেইল এল আয়নাউই। গোলকিপার বিভ্রান্ত হলেও জোরাল শট ক্রসবারের নিচে লেগে ফিরে আসে।

নেদারল্যান্ডসের দ্বিতীয় শট পোস্টে মেরে বসেন শেষ দিকে বদলি নামা জাস্টিন ক্লাইভার্ট। মরক্কোর দ্বিতীয় শট ঠেকিয়ে দিয়েছিলেন ডাচ গোলকিপার বার্ট ভেরব্রাখেন। কিন্তু বল তার শরীরের নীচ দিয়ে বেরিয়ে পায়ে লেগে কোনোরকমে গোল লাইন পেরিয়ে যায়। পরের শটে গোল করেন বাউট বেখ্রস্ট। শেমসদিন তালবিও বল পাঠান জালে।

চতুর্থ শটে আরেক দফায় ভুলের পালা। বাজে শটে অনেকটা বাইরে মেরে দেন জুরিয়েন টিম্বার। মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমির শট পোস্টে লেগে ফিরে আসে। ম্যাচজুড়ে দারুণ খেলা ক্রেসেন্সিও সামারভিল টাইব্রেকারে শেষ শটে করেন গড়বড়।