জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসের পর্দা উঠছে আজ

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় ৪০তম জাতীয় জুনিয়র (বয়সভিত্তিক) অ্যাথলেটিকস প্রতিযোগিতা আজ থেকে শুরু হচ্ছে। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা ঢাকার জাতীয় স্টেডিয়াম ও বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আজ বিকেল ৩টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব.) ড. মো. নাঈম আশফাক চৌধুরী। প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮, এই দুই বয়স বিভাগে মোট ৪২টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। জাতীয় স্টেডিয়ামে মাঠ সংস্কারের কাজ চলায় আটটি থ্রো ইভেন্ট বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হবে। প্রতিটি ইভেন্টের চ্যাম্পিয়ন পাবেন ৩ হাজার, রানার্সআপ ২ হাজার এবং তৃতীয় স্থান অধিকারী ১ হাজার টাকা। নতুন রেকর্ড গড়া অ্যাথলেটদের জন্য থাকছে ১০ হাজার টাকা পুরস্কার। গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৩৬টি সংস্থার প্রায় ৩০০ অ্যাথলেট মেডিকেল পরীক্ষা ও নিবন্ধন সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারন সম্পাদক মো. শাহ আলম। এ সময় সহসভাপতি ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।