আজ ভ্যানকুভারে মুখোমুখি আলজেরিয়া-সুইজারল্যান্ড

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

আলজেরিয়া এবার যার হাত ধরে ছুটছে, সেই কোচ ভ্লাদিমির পেতকোভিচ একটা সময় সুইস লিগে খেলেছেন, ক্লাব পরিচালনা করেছেন, ছিলেন সুইজারল্যান্ডের কোচও। ফলে, শেষ বত্রিশের প্রতিপক্ষ সম্পর্কে তারা জানাশোনা আছে ভালোই। সুইজারল্যান্ডের বর্তমান কোচ, মুরাত ইয়াকিনের অভিজ্ঞতা আছে, পেতকোভিচের মুখোমুখি হওয়ার। ভ্যানকুভারে, বাংলাদেশ সময় আজ সকাল ৯টায়, উত্তর আমেরিকার বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে তাই মুখোমুখি হচ্ছে দুই চেনা প্রতিপক্ষ। যাদের লক্ষ্য অভিন্ন, শেষ ষোলোর মঞ্চে ওঠা।

এই ম্যাচের আগে সুইজারল্যান্ডে পেতকোভিচের কাটানো সময় আলোচনায়। ১৯৮৭ সালে তিনি যোগ দেন সুইস ক্লাব চুর-৯৭-এ। এরপর দেশটির একাধিক ক্লাবে খেলেছেন, কোচের দায়িত্বেও ছিলেন। ২০১৪ থেকে ২০২১, সাত বছর তিনি ছিলেন সুইজারল্যান্ডের ডাগআউটে। বর্তমান অধিনায়ক গ্রানিথ জাকা ও স্ট্রাইকার ব্রিল এমবোলো একসময় ছিলেন পেতকোভিচের দলে। সুইস দল সম্পর্কে আলজেরিয়া কোচের জানাশোনা নিয়ে প্রশ্ন উঠতে অবশ্য রসিকতা করলেন এমবোলো। পেতকোভিচ ও ইয়াকিনের মধ্যে কোনো তুলনাতে গেলেন না তিনি। ‘ছয় বছর আগের চেয়ে আমি এখন দেখতে ভিন্ন, অনেক পার্থক্য। দুই দলই জিততে চায়, ইতিহাস লিখতে চায়। সুইস দলকে পেতকোভিচ আসলেই একটা উচ্চতায় তুলেছিলেন এবং এখন আমরা আরও দূর এগিয়ে যেতে চাই। এখন আমাদের নতুন কোচ আছেন। আসলে, একজন খেলোয়াড় হিসেবে কোচদের তুলনা করা সবসময়ই কঠিন। দুই দলের মধ্যে একটা বিষয়েই মিল আছে, সেটা হচ্ছে, তারা ইতিহাস লিখতে চায়।’

সুইস লিগে একাধিকবার মুখোমুখি হওয়ার সুবাদে দুই কোচও পরস্পরকে জানেন ভালোভাবে। সেসময়ের স্মৃতিও আওড়ালেন সুইস কোচ ইয়াকিন। আলজেরিয়ার বিপক্ষে সুইজারল্যান্ড ‘ফেভারিট’ কিনা, এমন ভাবনাও উড়িয়ে দিলেন তিনি। ‘যদি আমরা নকআউট পর্বের ম্যাচগুলো দেখি, আমরা আসলেই এই টুর্নামেন্টের ফেভারিটদের নিয়ে কথা বলতে পারি না। ম্যাচগুলো সমানে সমান হচ্ছে এবং আগামীকালও এটা তাই হবে।