প্যারাগুয়ের ‘প্রতিশোধ ভাবনা’ নিয়ে সতর্ক দেশোঁ
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
উত্তর আমেরিকা বিশ্বকাপে দুর্বার গতিতে ছুটছে ফ্রান্স। চার ম্যাচের সবগুলো জিতেছে তারা। প্রতিপক্ষের জালে ১৩ গোলের উৎসব করে, খেয়েছে মাত্র দুটি। পরাশক্তি জার্মানিকে হারিয়ে নকআউট পর্ব শুরু করেছে প্যারাগুয়েও। শেষ ষোলোয় মুখোমুখি হওয়ার অপেক্ষায় এই দুই দল। কেবল চারবারের চ্যাম্পিয়ন জার্মানিকে হারানোর কারণে নয়, প্যারাগুয়েকে নিয়ে ফ্রান্স কোচ দিদিয়ে দেশোঁ সতর্ক ভিন্ন আরেকটি কারণে। ১৯৯৮ বিশ্বকাপের সেই স্মৃতি; ফ্রান্সের জন্য যা আনন্দের হলেও, প্যারাগুয়ের জন্য ছিল বিষাদের।
বাংলাদেশ সময় আজ রাত ৩টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে ফ্রান্স। এই ম্যাচ খেলতে ফিলাডেলফিয়ায় পৌঁছেছে ফরাসিরা। সেখানেই, দলটির কোচ দেশোঁ কথা বলেন প্রতিপক্ষ প্যারাগুয়ে নিয়ে। উঠে আসে ২৮ বছর আগের বিশ্বকাপের প্রসঙ্গ। ১৯৯৮ বিশ্বকাপের পর, এই প্রথম বৈশ্বিক ফুটবলের সর্বোচ্চ মঞ্চে দেখা হচ্ছে দুই দলের। সেবার লঁরা ব্লাঁর একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়েছিল ফ্রান্স। পরে পেয়েছিল প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ। বিশ্বকাপে শেষ ষোলোর মঞ্চে সেটাই ছিল প্যারাগুয়ের সবশেষ হার। সেবার দেশোঁ ছিলেন ফ্রান্সের অধিনায়ক। এবার তিনি কোচ। জার্মানির বিপক্ষে প্যারাগুয়ের জয়টি অঘটন মনে করছেন না ফ্রান্স কোচ। তাই, দারুণ ছন্দে থাকলেও, নিজেদের সংযত রাখতে না পারলে বিপদের সম্ভাবনা দেখছেন তিনি। ‘আমি প্যারাগুয়েকে দেখেছি: তারা যেটা অর্জন করেছে, সেটা কোনো দুর্ঘটনা নয়। দক্ষিণ আমেরিকার দলগুলো যেমন হয়, তারা তেমনই একটা দল; বল দখলের ডুয়েলে শক্তিশালী, ভীষণ দৃঢ়প্রতিজ্ঞ এবং তাদের দলে দারুণ মানসম্পন্ন খেলোয়াড় আছে। কোনো দলই ভাগ্যের জোরে বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছায় না।’
