আত্মতৃপ্তি সর্বনাশের কারণ হতে পারে : স্পেন কোচ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

কেপ ভার্দের বিপক্ষের সেই হতাশাজনক ড্রয়ের পর, প্রতিপক্ষদের দুমড়ে মুচড়ে দিয়ে ছুটছে স্পেন। দুরন্ত পথচলায়, শেষ বত্রিশের লড়াইয়ে অস্ট্রিয়াকে স্রেফ উড়িয়ে দিয়েছে তারা। তবে, সীমাহীন উচ্ছ্বাসে ভেসে যেতে রাজি নন লুইস দে লা ফুয়েন্তে। আত্মতৃপ্তি সর্বনাশ ডেকে আনতে পারে বলে ইয়ামাল-ওইয়ারসাবালদের সতর্ক করে দিলেন স্পেন কোচ। অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে গতকাল শুক্রবার উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে স্পেন। দলের জয়ে জোড়া গোল করেন মিকেল ওইয়ারসাবাল; অন্য গোলটি পেদ্রো পররোর।

চলতি আসরে এখন পর্যন্ত অপরাজিত স্পেন। ২০১০ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর, নকআউট পর্বে প্রথম জয়ের অপেক্ষাও তাদের ফুরিয়েছে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে। দাপুটে পথচলায় সাবেক চ্যাম্পিয়নরা এখনও গোল হজম করেনি একটিও। তৃপ্তির তাই অনেক কারণ আছে তাদের। তবে, দে লা ফুয়েন্তে সাবধানী। ‘খুশি হওয়ার অনেক কারণ আমার আছে। প্রথমত জয়ের জন্য, বড় ব্যবধানের জয় পাওয়া এবং দলের ভাবমূর্তি অসাধারণ থাকার কারণেও। কিন্তু এখনও উন্নতির জায়গা আছে। আপনারা হয়তো মনে করছেন, স্পেনের সেরাটা দেখে ফেলেছেন, কিন্তু এই দলটি সামর্থ্যের চূড়ায় পৌঁছায়নি এখনও।