রোনালদোর অবসর ভাবনা
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
ক্রোয়েশিয়ার বিপক্ষে একদিন আগেই নাটকীয় লড়াইয়ের আগে পর্তুগাল শিবিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল একটি খবর। দাবি করা হয়, চলমান বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এমন দাবি করেন তাঁর বোন কাতিয়া আভেইরো। তবে ম্যাচ শেষে সেই গুঞ্জনে পানি ঢেলে দিলেন পর্তুগাল অধিনায়ক। টরন্টোয় ২-১ গোলের রুদ্ধশ্বাস জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। ম্যাচে পিছিয়ে পড়ার পর পেনাল্টি থেকে সমতাসূচক গোল করেন রোনালদো। সেটিই বিশ্বকাপের নকআউট পর্বে তার ক্যারিয়ারের প্রথম গোল।
পরে গনসালো রামোসের হেডে আসে জয়সূচক গোল।
ম্যাচ শেষে অবসরের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে ৪১ বছর বয়সী রোনালদো জানিয়ে দেন, আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিতে চান না। তিনি বলেন, ‘দেখুন, ক্রিস্টিয়ানোর ভবিষ্যৎ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ নয়। আমি আমার পরিবারের সঙ্গে কথা বলব এবং তারপর সিদ্ধান্ত নেব। উত্তেজনার মাথায় আমি আর কোনো সিদ্ধান্ত নিই না। এখন বিশ্রাম নেওয়ার এবং পরের ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়ার সময়।’ ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় পেলেও ম্যাচটি সহজ ছিল না।
প্রথমার্ধে আধিপত্য বিস্তার করলেও দ্বিতীয়ার্ধে চাপে পড়ে যায় পর্তুগাল। প্রতিপক্ষ গোল করার পর কিছু সময় ছন্দও হারিয়ে ফেলে দলটি। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে রোনালদো বলেন, ‘ম্যাচটি কিছুটা অদ্ভুত ছিল; আমরা প্রথমার্ধে আধিপত্য বিস্তার করেছিলাম, কিন্তু দ্বিতীয়ার্ধে ততটা পারিনি।
ওরা গোল করার পর আমরা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। এটি একটি পাগলাটে ম্যাচ ছিল, তবে এটাই বিশ্বকাপ। এখানে এমনটাই হওয়ার কথা, কেউ সহজে ম্যাচ জিতবে না। প্রতিটি ম্যাচেই এমনটা হবে-ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে, আমরা কী ভুল করেছি তা মূল্যায়ন করতে হবে এবং সেগুলোর পুনরাবৃত্তি এড়াতে হবে।’
চলতি বিশ্বকাপের নকআউট পর্বে বেশির ভাগ ম্যাচই শেষ মুহূর্ত পর্যন্ত জমে উঠছে। রোনালদোর মতে, শিরোপা জিততে চাইলে এমন কঠিন পরীক্ষার মধ্য দিয়েই যেতে হবে, ‘আমাদের এমন কিছু মুহূর্ত ছিল যেখানে কষ্ট করতে হয়েছে, এটা খেলারই অংশ।
এই প্রতিযোগিতা জিততে হলে আপনাকে এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যেতেই হবে।’
ক্রোয়েশিয়ার বাধা পেরিয়ে এখন পর্তুগালের সামনে আরও বড় চ্যালেঞ্জ। শেষ ষোলোতে দারুণ ছন্দে থাকা স্পেনের মুখোমুখি হবে রোনালদোরা।
আর অবসরের আলোচনা আপাতত সরিয়ে রেখে পর্তুগাল অধিনায়কের পুরো মনোযোগ এখন সেই ম্যাচেই!
