জিম্বাবুয়ের কন্ডিশনে কেন ভুগছে বাংলাদেশ
জানালেন আশরাফুল
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
জিম্বাবুয়ের কন্ডিশনে কেন ভুগছে বাংলাদেশ, জানালেন আশরাফুল
জিম্বাবুয়ের মাটিতে টেস্টের পর ওয়ানডেতেও ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারছে না বাংলাদেশ। বড় বাউন্ডারি, অতিরিক্ত বাউন্স আর কন্ডিশনের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে না পারাই এই ভোগান্তির অন্যতম কারণ বলে মনে করছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।
বিসিবির পাঠানো ভিডিও বার্তায় আশরাফুল বলেন, ‘গত সাত মাসে দেশের মাটিতে বাংলাদেশের ব্যাটাররা ধারাবাহিকভাবে ভালো খেলেছেন। তবে জিম্বাবুয়ের কন্ডিশনের কারণে সেই ছন্দ ধরে রাখা সম্ভব হয়নি। ২০২২ সালেও এই সফরে একই চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। এবারও টেস্টের দুই ইনিংস এবং প্রথম ওয়ানডেতে আমরা ভালো করতে পারিনি।’
ব্যাটারদের ব্যর্থতার পেছনে কিছুটা দুর্ভাগ্যও দেখছেন আশরাফুল। তার মতে, শেষ ওয়ানডেতে শুরুতেই আউট হওয়া কয়েকজন ব্যাটারের ভালো শটও সরাসরি ফিল্ডারের হাতে গিয়ে ধরা পড়েছে। তবে সবচেয়ে বড় পার্থক্য দেখছেন মাঠের বাউন্ডারিতে।
আশরাফুল বলেন, ‘বাংলাদেশে সাধারণত ৬০ থেকে ৬৫ মিটারের বাউন্ডারিতে খেলা হয়। কিন্তু হারারের মাঠে বাউন্ডারির দূরত্ব প্রায় ৭৩ থেকে ৭৫ মিটার। ফলে দেশে যেসব শট সহজেই বাউন্ডারি হয়ে যায়, সেগুলো এখানে ফিল্ডারের নাগালে চলে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে ব্যাটাররা এখনও পুরোপুরি মানিয়ে নিতে পারেননি।’
হারারের পিচ বোলিং সহায়ক, যেখানে পেসাররা তুলনামূলক বেশি বাউন্স পান। আশরাফুল বলেন, ‘এখানকার উইকেটে অতিরিক্ত বাউন্স আছে। যদিও গত সাত মাস আমরা বাংলাদেশে ভালো উইকেটে খেলেছি এবং ভালো ব্যাটিংও করেছি, তবু এখানকার কন্ডিশনে সেই অতিরিক্ত বাউন্সটা আলাদা চ্যালেঞ্জ তৈরি করছে।’
