নরওয়ের স্বপ্নযাত্রা থামিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক

উত্তর আমেরিকা বিশ্বকাপের শুরু থেকে বিস্ময় জাগিয়ে একের পর এক চমক দেখানো নরওয়ে আরও একবার চমক নিয়ে নিল লিড। তবে দমে না গিয়ে চিরাচরিত লড়াকু মানসিকতার এক দারুণ প্রদর্শনী দেখিয়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করলেন জুড বেলিংহ্যাম। তারকা মিডফিল্ডারের কাঁধে চেপে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল টমাস টুখেলের দল। মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় গতকাল রোববার সকালে অনুষ্ঠিত চতুর্থ কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারিয়েছে ১৯৬৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। শেষবার তারা সেমিফাইনালে খেলেছিল ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে। অন্যদিকে, আর্লিং হালান্ডদের স্বপ্নযাত্রা থামল কোয়ার্টার ফাইনালে। এর আগে তিনবার বিশ্বকাপে খেলে দুটি ম্যাচ জেতা নরওয়ে এবার জিতেছে চারটিতে।
আগে কখনোই নকআউট পর্বে কোনো জয় না পাওয়া নরওয়ে এবার ২৮ বছর পর বিশ্বকাপে খেলার সুযোগ পায়। এ দলটিই আসরের শুরু থেকে দারুণ সব পারফরম্যান্সে চমকে দেয় সবাইকে। গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠে শেষ বত্রিশে তারা হারায় আইভরি কোস্টকে। ইউরোপের দলটি এরপর বিদায় করে দেয় রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে। নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে নেমে, ফেভারিট ইংল্যান্ডেরও চোখে চোখ রেখে লড়াই করল নরওয়ে। পজেশন রাখার পাশাপাশি আক্রমণেও প্রায় সমানে-সমান তারা। গোলের জন্য দলটির ১৩ শটের চারটি লক্ষ্যে ছিল, ইংলিশদের ১৪ শটের আটটি থাকে লক্ষ্যে। ম্যাচের শুরুর দিকে চিত্র অবশ্য ভিন্ন ছিল। বল দখলে রাখা ও আক্রমণ, দুইভাবেই শুরু থেকে চাপ তৈরি করে ইংল্যান্ড।
