পরের বিশ্বকাপে খেলা প্রশ্নে মেসির উদাহরণ দিলেন কেইন
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক

আরও একবার স্বপ্নভঙ্গের বেদনা। ইংল্যান্ডের আরেকটি বড় শিরোপা জয়ের অপেক্ষা বাড়ল আরও, বাড়ল জাতীয় দলের জার্সিতে হ্যারি কেইনের ট্রফি জয়ের অপেক্ষাও। চার বছর পরের বিশ্বকাপে কি দেখা যাবে তাকে? ইংল্যান্ডের রেকর্ড গোলস্কোরার বললেন, এই বিষয়ে ভাবার সময় এখনও আসেনি। আটলান্টায় গত বুধবার বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ৮৪ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে যায় ইংল্যান্ড। আগের রাউন্ডগুলোয় ভালো খেললেও এই ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন কেইন। আট বছরের মধ্যে দ্বিতীয়বার বিশ্বকাপের সেমি-ফাইনালে হারলেন তিনি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের শেষ চারে ক্রোয়েশিয়ার বিপক্ষেও একই ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড। ২০২২ কাতার বিশ্বকাপে তারা বিদায় নেয় কোয়ার্টার-ফাইনাল থেকে। ২০২০ ও ২০২৪ ইউরোর ফাইনালে উঠেও হেরে যায় ইংলিশরা। সেই ১৯৬৬ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের পর থেকে আর বড় কোনো শিরোপা তারা জিততে পারেনি। পরবর্তী বিশ্বকাপের সময় কেইনের বয়স হবে ৩৬। বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার বললেন, ইংল্যান্ডের হয়ে এটাই তার শেষ বিশ্বকাপ হবে কি-না, তা বলার সময় এখনও আসেনি। আর্জেন্টিনার ৩৯ বছর বয়সী অধিনায়ক লিওনেল মেসির উদাহরণও দিলেন তিনি। ‘এই বিষয়ে কথা বলার সময় এখনও আসেনি। আমার কাছে বিষয়টি হলো প্রতিটি বছর ধরে এগিয়ে যাওয়া এবং আমি কেমন অনুভব করছি, তার ওপর নির্ভর করা। জাতীয় দল আমার গর্ব ও আনন্দের উৎস, এটাই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। চার বছর এখনও অনেক দূরের পথ। এই গ্রীষ্মে আমার বয়স হবে ৩৩, কিন্তু আপনারা লিওকে (মেসি) দেখছেন, তিনি এখনও (৩৯ বছর বয়সে) সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করছেন। এই বিষয়গুলোতে কখনও কোনো সীমা নির্ধারণ করতে চাই না। আপাতত আরও একটি কঠিন পরাজয়কে মেনে নেওয়াই মূল বিষয়।’ এই বিশ্বকাপে কেইন ছয়টি গোল করেছেন। ইংল্যান্ডের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ বাকি থাকায় তিনি এখনও গোল্ডেন বুট জিততে পারেন। যদিও ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার দুটি গোলেই অ্যাসিস্ট করা মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপে দুজনই আটটি করে গোল করেছেন।
