ক্রীড়াঙ্গনে বড় রদবদল
২৭ ফেডারেশনের নতুন কমিটি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
দায়িত্ব নেওয়ার পর দেশের ক্রীড়াঙ্গনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত ক্রীড়া ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি ভেঙে নতুন কমিটি ঘোষণা শুরু করা হয়েছে। একই সঙ্গে নবগঠিত কমিটিগুলোকে আগামী তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট ফেডারেশনের নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় গঠিত কমিটিগুলোকেও দ্রুত নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে প্রশাসনিক ও সাংগঠনিক নানা জটিলতায় অধিকাংশ ফেডারেশনের নির্বাচন আর অনুষ্ঠিত হয়নি। সেই অভিজ্ঞতার পর বর্তমান সরকার নতুন কমিটি গঠন করে আবারও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিলেও, তা বাস্তবায়ন নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে ক্রীড়াঙ্গনে।
নতুন ঘোষিত অ্যাডহক কমিটির আকার নিয়েও প্রশ্ন উঠেছে। অধিকাংশ ফেডারেশনে ২৭ থেকে ২৯ সদস্যের কমিটি করা হয়েছে, যদিও তাদের দায়িত্বের মেয়াদ মাত্র তিন মাস। অতীতে নির্বাচন আয়োজনের উদ্দেশ্যে গঠিত অনেক অ্যাডহক কমিটিই নির্ধারিত সময়ের বহু পরে, এমনকি কয়েক বছর পর্যন্ত দায়িত্বে ছিল। ফলে এবার ঘোষিত সময়সীমার মধ্যে নির্বাচন সম্পন্ন হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। পুনর্গঠিত ফেডারেশনগুলোর মধ্যে রয়েছে আর্চারি, অ্যাথলেটিকস, উশু, বক্সিং, রেসলিং, কাবাডি, কারাতে, ক্যারম, খো খো, জিমন্যাস্টিকস, জুডো, টেনিস, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, দাবা, ফেন্সিং, ব্যাডমিন্টন, ভলিবল, ভারোত্তোলন, মহিলা ক্রীড়া সংস্থা, রাগবি, রোয়িং, শুটিং, সাইক্লিং, সুইমিং, হকি ও হ্যান্ডবল। বিভিন্ন ফেডারেশনের নেতৃত্বে দায়িত্ব পেয়েছেন সাবেক খেলোয়াড়, সংগঠক ও পরিচিত ক্রীড়া ব্যক্তিত্বরা। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি করা হয়েছে প্রতিষ্ঠাতা কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলকে। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন এসএ গেমসে পদকজয়ী সাবেক আর্চার ও ব্যবসায়ী সৈয়দ তানভীর রায়হান।
অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে ফিরেছেন সাবেক দায়িত্বপ্রাপ্ত আলী ইমাম তপন। একইভাবে সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলকে। দুজনই অতীতে একই পদে দায়িত্ব পালন করেছেন।
শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম। সাবেক শুটার শারমিন আক্তার রত্নাকে দেওয়া হয়েছে দুটি দায়িত্ব। তিনি মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের পাশাপাশি শুটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করবেন। দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে দক্ষিণ এশিয়ার প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদকে।
এ ছাড়া কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন প্রয়াত হকি কিংবদন্তি ও সাবেক সংগঠক আবদুস সাদেকের ছেলে ইশতিয়াক সাদেক। ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় আব্দুল মুমিন সাদ্দাম।
