আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, বর্তমান সরকার আগামী ৫ বছরে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করবে। গতকাল শনিবার নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমীর আয়োজিত ও মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন পৃষ্টপোষকতায় বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ থেকে একসময় প্রচুর খেলোয়াড় বের হয়ে আসতো। এখন কিছুটা কমে গেছে। আমাদের বর্তমান সরকার আগামীর বাংলাদেশে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খেলাধুলাকে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠার জন্য কার্যক্রম শুরু করেছে। এই সরকার শুধু ফুটবল, ক্রিকেটই না সব খেলাধুলাকে গুরুত্ব দিয়ে কার্যক্রম শুরু করেছে। সুস্থ জাতি গঠনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। ডিজিটাল ডিভাইস থেকে আমাদের শিশু-কিশোরদের দূরে রাখার, মাদকমুক্ত সমাজ গড়ার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। এখনকার বাচ্চারা এতোই মোবাইল ডিভাইসে আসক্ত যে তারা এখন দেরি করে ঘুমায়। আমরা এই অভ্যাসে পরিবর্তন আনতে চাই।

তিনি আরও বলেন, জাতীয় শিক্ষাক্রমে আগামীতে নতুন কুড়ি স্পোর্টস টুর্নামেন্ট যুক্ত করা হবে। আগামীতে শিক্ষাক্রম এমনভাবে করা হবে যেনো পরীক্ষার ৬০ শতাংশ নাম্বার খেলার মাঠে থাকে। তাহলে অভিভাবকরা শিক্ষার্থীদের নাম্বারের জন্য হলেও মাঠে যেতে বাধ্য করবে। আমরা এভাবে সারাদেশে তৃণমূল পর্যায়ে খেলা ছড়িয়ে দিতে চাই। তিনি বলেন, খেলাধুলার জন্য নারায়ণগঞ্জ উর্বর জায়গা। বিগত সময় খালি জায়গায় নানা স্থাপনা করা হতো আর আমাদের সরকার নির্দেশনা দিয়েছে খালি জায়গায় খেলার মাঠ তৈরি করে দেওয়ার। আমরা এরই মধ্যে খেলার মাঠের জন্য প্রতি ইউনিয়নে ৮ বিঘা করে জমি চেয়ে ৩০০ এমপিকে চিঠি দিয়েছি। আশা করছি, আগামী ৫ বছর পর প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি হয়ে যাবে। এরই মধ্যে এমপি, ইউএনও, ডিসি তারা এটির কার্যক্রম শুরু করে দিয়েছেন। সারাদেশে ১০টি আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজের মধ্যে নারায়ণগঞ্জে একটি স্পোর্টস ভিলেজ করতে চাই। পর্যায়ক্রমে ৬৪ জেলায় একটি করে স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে।