ক্রীড়া প্রতিমন্ত্রীর বিশ্বাস বাংলাদেশ সফর করবে ভারত

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করার কথা রয়েছে ভারত জাতীয় ক্রিকেট দলের। মূলত এই সফরটা হওয়ার কথা ছিল গত বছর। কিন্তু ভারত সরকারের সবুজ সংকেত না পাওয়ায় সফরটি পিছিয়ে যায়। এবারের সফর নিয়েও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন ভারত সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করার জন্য মুখিয়ে আছে।

গতকাল মঙ্গলবার মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে উৎসবমুখর পরিবেশে সাঁতার প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আমিনুল হক। সেখানে আসন্ন ভারত সফর নিয়ে প্রশ্ন করা হয়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা শঙ্কা থাকায় ভারতে খেলতে যায়নি বাংলাদেশ। পরে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকেই বাদ দেয়। এ নিয়ে বিসিসিআই ও বিসিবির মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরী হয়। আমিনুল জানিয়েছেন বর্তমান সরকার ক্রীড়া কূটনীতি নিয়ে কাজ করছে। তিনি বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গেও কথা বলেছেন। তিনি বলেন, ‘বর্তমান সরকার ক্রীড়া কূটনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আর ক্রিকেট যেহেতু আমাদের একটি মর্যাদার জায়গা, ক্রিকেট যেহেতু আমাদের বিশ্ব ক্রিকেটে আমাদের অত্যন্ত সুদৃঢ় একটি অবস্থান রয়েছে, সেই ক্ষেত্রে বিগত সময়ের একটি ঘটনাকে কেন্দ্র করে, বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে যে একটি টানাপোড়েন হয়েছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’ আমিনুল আরও বলেন, ‘এরইমধ্যে আমি নিজেই আমাদের যে ভারতীয় দূতাবাসে আমি কথা বলেছি, তারাও আমাদের সাথে কথা বলেছে, তারা সবাই অপেক্ষা করছে যে সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে আসবে। আসার পরে বিগত সময়ের যে ছোট্ট একটি যে ঘটনাকে কেন্দ্র করে যে একটি টানাপোড়েন হয়েছিল, আমি মনে করি সেটাকে কাটিয়ে উঠবো ইনশাল্লাহ। আমরা সুন্দরভাবে পার্শ্ববর্তী সকল দেশের সাথেই আমাদের যে ক্রীড়া কূটনীতি, যোগাযোগ সবকিছুই খুব স্বাভাবিকভাবেই চলমান থাকবে ইনশাল্লাহ।’ এর আগে চলতি বছরের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দেয়, ২০২৫ সালে স্থগিত হওয়া ভারত সফরটি ২০২৬ সালের আগস্ট-সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে।