ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

আইসিসি র‍্যাংকিং

তামিম-সাইফের উন্নতি তৃতীয় স্থানেই মিরাজ

তামিম-সাইফের উন্নতি তৃতীয় স্থানেই মিরাজ

জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজের হতাশা মুছে দিয়েছিল বাংলাদেশের টি-টোয়েন্টি দল। সেই ঘুরে দাঁড়ানোর প্রতিফলন এবার মিলেছে আইসিসির সর্বশেষ র‍্যাংকিংয়েও। সিরিজজুড়ে ধারাবাহিক ব্যাটিংয়ের সুবাদে বড় অগ্রগতি হয়েছে ওপেনার তানজিদ হাসান তামিমের। একই সঙ্গে ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার-তিন বিভাগেই উন্নতি করেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারলেও পরের দুই ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। সেই সাফল্যের অন্যতম নায়ক ছিলেন তানজিদ। দ্বিতীয় ম্যাচে ৫৮ এবং সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কার জেতেন এই বাঁহাতি ওপেনার।

দুর্দান্ত এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাংকিংয়ে সাত ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন তানজিদ। ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে এটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং। যদিও এর আগে ২০২৫ সালের অক্টোবরে তিনি ১৭ নম্বর পর্যন্ত উঠেছিলেন, তবে এবার রেটিংয়ের দিক থেকে নিজের আগের সেরাকেও ছাড়িয়ে গেছেন। অগ্রগতি হয়েছে আরেক ওপেনার সাইফ হাসানেরও। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫৫ রানের ইনিংস খেলে তিনি নয় ধাপ এগিয়ে ২৭তম স্থানে জায়গা করে নিয়েছেন। ব্যাটিং র‍্যাংকিংয়ে বাংলাদেশের অন্য কোনো ব্যাটারের উল্লেখযোগ্য উন্নতি হয়নি। শীর্ষস্থান অবশ্য ধরে রেখেছেন ভারতের ঈশান কিষাণ।

বোলিং র‍্যাংকিংয়েও বাংলাদেশের জন্য এসেছে সুখবর। অফস্পিনার শেখ মেহেদী হাসান চার ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন। তিন ম্যাচে চার উইকেট নেওয়া এই অলরাউন্ডারের পাশাপাশি বড় অগ্রগতি হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনেরও। দ্বিতীয় ম্যাচে চার উইকেটসহ সিরিজে পাঁচ শিকার করা রিশাদ আট ধাপ এগিয়ে যৌথভাবে ২৫তম স্থানে অবস্থান করছেন। উইকেট না পেলেও অন্যদের অবনতির কারণে তাসকিন আহমেদ নয় ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬৯ নম্বরে। অন্যদিকে চার ধাপ পিছিয়ে ১৩ নম্বরে নেমেছেন নামুস আহমেদ, যদিও বাংলাদেশি বোলারদের মধ্যে তিনিই এখনও সর্বোচ্চ অবস্থানে রয়েছেন।

অলরাউন্ডারদের তালিকাতেও উন্নতি হয়েছে বাংলাদেশের দুই ক্রিকেটারের। শেখ মেহেদী দুই ধাপ এগিয়ে ৩৮তম স্থানে উঠেছেন। আর ২৭ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে জায়গা করে নিয়েছেন সাইফ। বাংলাদেশের পাশাপাশি জিম্বাবুয়ের কয়েকজন ক্রিকেটারও র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন। পেসার রিচার্ড এনগারাভা ৩৭ ধাপ এগিয়ে ৩২ নম্বরে এবং ব্লেসিং মুজারাবানি ২২ ধাপ এগিয়ে ৩৬তম স্থানে উঠেছেন। ব্যাটিংয়ে দুই ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা নবম স্থানে পৌঁছেছেন ব্রায়ান বেনেট। টি-টোয়েন্টি বোলারদের শীর্ষে আগের মতোই রয়েছেন আফগানিস্তানের রাশিদ খান এবং অলরাউন্ডারদের তালিকায় এক নম্বর অবস্থান ধরে রেখেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। এদিকে ওয়ানডে র‍্যাংকিংয়েও এসেছে বেশ কিছু পরিবর্তন। ইংল্যান্ডের জো রুট চার ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে ২০২০ সালের পর আবারও সেরা দশে ফিরেছেন। শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। অলরাউন্ডারদের তালিকায় যথারীতি এক নম্বরে আছেন আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই, আর দ্বিতীয় স্থানে নিজের অবস্থান ধরে রেখেছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত