অবশেষে অবসরে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক

ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা আন্তর্জাতিক ক্যারিয়ারের পর্দা নামতে যাচ্ছে। পর্তুগিজ ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো আগামী সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে যাচ্ছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। ৪১ বছর বয়সী এই মহাতারকা আগামী ২৪ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচটি খেলে আন্তর্জাতিক ফুটবলে তার ২৩ বছরের দীর্ঘ ও বর্ণাঢ্য যাত্রার ইতি টানবেন।
উপসাগরীয় অঞ্চলের সংবাদমাধ্যম ‘গালফ নিউজ’ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক তথ্য সূত্র অনুসারে, এক পর্তুগিজ এজেন্টের কাছ থেকে এ খবর পাওয়া গেছে। জর্ডানের সাংবাদিক মোহামেদ আওয়াদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ লেখেন, ‘এক পর্তুগিজ এজেন্টের সঙ্গে আমার কথা হচ্ছিল। তিনি আমাকে নিশ্চিত করেছেন যে ওয়েলসের বিপক্ষে ম্যাচটি খেলে শুধু একটি বিশেষ ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে চিরতরে বিদায় নেবেন ক্রিস্টিয়ানো রোনালদো। লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে নেশনস লিগের এই ম্যাচটিই হতে যাচ্ছে তার শেষ ম্যাচ।’ ওয়েলসের বিপক্ষে ম্যাচের ভেন্যু বাছাইয়ের বিষয়টি অবসর গুঞ্জনকে আরও উসকে দিচ্ছে। কারণ লিসবনের ‘এস্তাদিও হোসে আলভালাদে’ স্টেডিয়ামটি রোনালদোর ক্যারিয়ারে অত্যন্ত বিশেষ।
এই মাঠেই ২০০৩ সালে জাতীয় দলের জার্সিতে তার আন্তর্জাতিক অভিষেক হয়েছিল।
তাই যে মাঠ থেকে লাল-সবুজ জার্সির রূপকথা শুরু হয়েছিল, ঠিক সেই মাঠেই বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানতে চাচ্ছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসের সর্বকালের সেরা গোলদাতা হিসেবে নিজেকে বহু আগেই প্রতিষ্ঠিত করেছেন রোনালদো। ২০০৩ সালে অভিষেকের পর থেকে জাতীয় দলের হয়ে রেকর্ড ২৩৩ ম্যাচে করেছেন অবিশ্বাস্য ১৪৬টি গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ৪৬টি গোল।
