অস্ট্রেলিয়ার গণমাধ্যমে নাহিদ রানা

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও অস্ট্রেলিয়া সফরের স্কোয়াড ঘোষণা করেনি। তবে সফর শুরুর আগেই আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের এক তরুণ পেসারের নাম। তিনি স্পিডস্টার নাহিদ রানা। গত জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিংয়ে নজর কাড়া এই গতি তারকাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড! প্রতিবেদনে বলা হয়েছে, ২৩ বছর বয়সী নাহিদ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের সাফল্যের অন্যতম নায়ক ছিলেন। ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতির বোলিং, অতিরিক্ত বাউন্স এবং নিয়ন্ত্রিত লাইন-লেন্থ দিয়ে তিনি অস্ট্রেলিয়ার ব্যাটারদের কঠিন পরীক্ষায় ফেলেছিলেন। বিশেষ করে প্রথম ওয়ানডেতে ৪১ রানে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯১ রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন তিনি। পরে বাংলাদেশ ম্যাচটি জেতে ৮৬ রানের ব্যবধানে। সেই ম্যাচে তার শিকারের তালিকায় ছিলেন জশ ইংলিস ও অ্যালেক্স ক্যারির মতো অভিজ্ঞ ব্যাটার।

ওই ম্যাচে ইংলিসকে আউট করার পর দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে পরে সতীর্থদের এগিয়ে আসতে হয়। সেই ঘটনাও প্রতিবেদনে উল্লেখ করেছে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমটি। তবে অস্ট্রেলিয়া সফরের আগে নাহিদকে ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন তার ফিটনেস। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সাইড স্ট্রেইনে চোট পাওয়ার পর তাকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দ্য সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, চোটের খবর পাওয়ার পরই ঢাকায় জরুরি বৈঠকে বসতে হয় বাংলাদেশ দলের নির্বাচকদের। কারণ অস্ট্রেলিয়া সফরের বোলিং পরিকল্পনার কেন্দ্রবিন্দুতেই ছিলেন এই তরুণ পেসার।

প্রতিবেদন অনুযায়ী, বিসিবি এখনও স্ক্যান রিপোর্টের অপেক্ষায় থাকলেও ধারণা করা হচ্ছে, পুরোপুরি সুস্থ হতে নাহিদের অন্তত তিন সপ্তাহ সময় লাগতে পারে। সে ক্ষেত্রে ১৩ আগস্ট ডারউইনে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়া কঠিন হতে পারে। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমটির মতে, ফুটবল মৌসুমের ব্যস্ত সময়ে আয়োজিত এই সিরিজে নাহিদের গতি ও আগ্রাসন দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হতে পারত। আগামী ১২ মাসে ২১টি টেস্ট খেলার ব্যস্ত সূচিকে সামনে রেখে ইতোমধ্যেই বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজলউড এবং অফ স্পিনার নাথান লায়ন। ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।