ওপেনিংয়ে নেমে ব্যর্থ মিরাজ
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

ব্যাটিং অর্ডারে উন্নতি হলো, ওপেনিংয়ে নামার সুযোগ পেলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু ব্যর্থতার জাল ছিঁড়ে বের হতে পারলেন না তিনি। লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আরেকটি ম্যাচে গল গ্যালান্টসকে হতাশ করলেন বাংলাদেশের এই স্পিনিং অলরাউন্ডার। অলরাউন্ডার হলেও, ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে গতকাল শনিবারের ম্যাচে মিরাজকে বোলিংয়ে আনেনি গল। পরে রান তাড়ায় ইনিংস শুরু করতে নেমে ৫ বলে ৫ রান করেন তিনি। এবারের এলপিএলে আগের তিন ম্যাচের দুটিতে বোলিং করলেও, কোনো উইকেট নিতে পারেননি মিরাজ।
ওই তিন ম্যাচে ব্যাট হাতেও নিষ্প্রভ ছিলেন তিনি। তবে এবারই যেতে পারলেন না দুই অঙ্কের ঘরে। জাফনা কিংসের বিপক্ষে ১০ রান করে আসর শুরু করেন মিরাজ। পরের ম্যাচ কলম্বো ক্যাপ্সের বিপক্ষে করেন ১৩ রান। আর আগের ম্যাচে ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে তার ব্যাট থেকে আসে ১৬ রান। ডাম্বুলায় এদিন ক্যান্ডির ১৬৫ রান তাড়ায়, প্রথম ওভারের পঞ্চম বলে ভিজায় শাঙ্কারকে লেগ সাইড দিয়ে চার মারেন মিরাজ। পরের ওভারের তৃতীয় বলে বাজে তার বিদায় ঘণ্টা। নুয়ান থিসারার ইয়র্কারে বোল্ড হন তিনি।
