না ফেরার দেশে উরুগুয়ের ফুটবলার
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
উরুগুয়ের ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ২২ বছর বয়সে হৃদযন্ত্র ও শ্বাসপ্রশ্বাসের কার্যক্রম হঠাৎ বন্ধ (কার্ডিওরেসপিরেটরি অ্যারেস্ট) হয়ে মারা গেছেন তরুণ স্ট্রাইকার ব্রুনো বেতানকোর। গত বুধবার উরুগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশনের ফার্স্ট অ্যামেচার ডিভিশনের ক্লাব দেপোর্তিভো ইতালিয়ানো এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক শোকবার্তায় ক্লাবটি জানায়, সতীর্থদের কাছে ‘বোলা’ নামে পরিচিত ব্রুনো বেতানকোর কার্ডিওরেসপিরেটরি অ্যারেস্টে মারা গেছেন। তবে ঠিক কী কারণে তার এই শারীরিক জটিলতা তৈরি হয়েছিল, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ক্লাব। শোকবার্তায় দেপোর্তিভো ইতালিয়ানো লিখেছে, ‘আমাদের খেলোয়াড় ব্রুনো বেতানকোর, যাকে সবাই ‘বোলা’ নামে চিনতো, কার্ডিওরেসপিরেটরি অ্যারেস্টে মারা গেছে। প্রতিটি গোল উদযাপনে, প্রতিটি আলিঙ্গনে এবং এই ক্লাবের হৃদয়ে তুমি চিরকাল বেঁচে থাকবে।’
মন্তেভিদিওতে জন্ম নেওয়া বেতানকোরের ফুটবল ক্যারিয়ার শুরু হয় ফেনিক্সের যুব দলে। এরপর ২০২৩ সালের ২৫ মার্চ লিভারপুলের বিপক্ষে ম্যাচে উরুগুয়ের ঐতিহ্যবাহী ক্লাব পেনিয়ারোলের জার্সিতে পেশাদার ফুটবলে অভিষেক হয় তার।
পেনিয়ারোলের হয়ে তিনি মোট ১৪টি অফিসিয়াল ম্যাচ খেলেন এবং ২০২৩ সালের তর্নেও আপের্তুরা শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন।
