লঙ্কা প্রিমিয়ার লিগে উজ্জ্বল হৃদয়-সাকিব
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
শেষ বলে ছক্কাসহ ঝড়ো ইনিংসে দলকে দুইশ ছোঁয়া সংগ্রহ এনে দিতে অবদান রাখলেন তাওহিদ হৃদয়। আঁটসাঁট বোলিংয়ে একটি উইকেট নিলেন সাকিব আল হাসান। বড় জয় পেল তাদের দল জাফনা কিংস। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গতকাল রোববার ক্যান্ডি রয়্যালসকে ৯৩ রানে হারায় জাফনা। ২০ ওভারে ১৯৯ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে ১০৬ রানে গুটিয়ে দেয় তারা। আসরে প্রথম খেলতে নেমে তিন নম্বরে দুই চার ও এক ছক্কায় ২১ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলেন হৃদয়। ব্যাটিং না পাওয়া সাকিব তিন ওভারে ১৮ রান দিয়ে নেন একটি উইকেট। আসরে পাঁচ ম্যাচে জাফনার এটি তৃতীয় জয়।
বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকে নিয়মিত উইকেট হারায় ক্যান্ডি। পাওয়ার প্লেতে দুই ওভার বোলিং করে কেবল ৮ রান দেন সাকিব।
ইনিংসের প্রথম ওভারে কুসাল পেরেরা ও তৃতীয় ওভারে ডেল ফিলিপসকে ফেরান মোহাম্মাদ শিরাজ। দ্বিতীয় ওভারে বল হাতে পেয়ে সাকিব দেন ৩ রান। চতুর্থ ওভারে তার প্রথম দুই বলে রান নিতে পারেননি অ্যাঞ্জেলো ম্যাথিউস, তৃতীয় বলে আসে এক রান। পরের দুই বলে রান নিতে না পারা লাহিরু উদারা শেষ বলে চার মারেন।
সাকিব আবার বোলিং পান ত্রয়োদশ ওভারে। তাকে পরপর দুটি চার মারেন উদারা। পঞ্চম বলে মইন আলিকে ফিরিয়ে উইকেটের দেখা পান বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। বেরিয়ে এসে খেলে লং-অফে ডেভিড ভিসার চমৎকার ক্যাচে বিদায় নেন ইংলিশ অলরাউন্ডার। এই ওভারে আসে ১০ রান। পরে আর বোলিং পাননি সাকিব। পেসার শিরাজ ১৮ রানে ও বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগে ২১ রানে নেন ৩টি করে উইকেট।
