ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন সহ-সভাপতি নাজমুল

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রোটারিয়ান এম নাজমুল হাসান। তিনি জিয়া পরিষদের কেন্দ্রীয় সহকারী মহাসচিব, ডায়নামিক গ্রুপ অব কোম্পানিজের ব্যাবস্থাপনা পরিচালক ও নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সন্তান।

অভিজ্ঞ, দূরদর্শী ও ক্রীড়া এবং শিক্ষানুরাগী ব্যক্তিত্ব হিসেবে এম নাজমুল হাসানকে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি হিসেবে মনোনীত করায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নেত্রকোনার ক্রীড়ানুরাগীরা।

ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনদের মতে, দেশের ক্রীড়া খাতের উন্নয়ন ও আধুনিকায়নে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের যে উদ্যোগ নেয়া হয়েছে, এম নাজমুল হাসানের এ নিয়োগ তারই একটি ইতিবাচক প্রতিফলন। তার অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে দেশের ব্যাডমিন্টন নতুন উচ্চতায় পৌঁছাবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। সামাজিক উন্নয়ন ও ব্যবসায়িক অঙ্গনে সাফল্যের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও তার অবদান সর্বজনবিদিত। ডায়নামিক গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি যেমন সফলতার স্বাক্ষর রেখেছেন তেমনি রোটারি আন্দোলনের মাধ্যমে সমাজসেবা এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনে তার নেতৃত্ব প্রশংসিত হয়েছে। তরুণদের ক্রীড়ামুখী করা এবং দেশের ব্যাডমিন্টনকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সমৃদ্ধ করতে তার নতুন দায়িত্বপ্রাপ্তি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন ক্রীড়াপ্রেমীরা।