নতুন ঠিকানায় সাকিব

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন না থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিব আল হাসানের চাহিদা কমেনি! পাকিস্তান, ক্যারিবিয়ান, শ্রীলঙ্কার পর এবার বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার খেলতে যাচ্ছেন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)। তৃতীয় আসরে তাকে দলে ভিড়িয়েছে পোখারা অ্যাভেঞ্জার্স, আর ঘোষণাটিও দিয়েছে বেশ ব্যতিক্রমী আয়োজনে। সাকিবকে দলে নেওয়ার ঘোষণা দিতে সামাজিক মাধ্যমে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে পোখারা অ্যাভেঞ্জার্স। সেখানে নৈসর্গিক পাহাড়ি পটভূমিতে তাকে সিংহাসনে বসানো হয়েছে, পাশে দেখা গেছে একটি ডোরাকাটা বাঘ। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে গড়া সাফল্য ও মর্যাদাকে প্রতীকীভাবে তুলে ধরতেই এমন উপস্থাপনা করেছে দলটি। সাকিবকে স্বাগত জানিয়ে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোখারা অ্যাভেঞ্জার্স লিখেছে, ‘বিশ্ব ক্রিকেটের মঞ্চ থেকে এখন পোখারার চূড়ায়। ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে খেলবেন পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে। পোখারা অ্যাভেঞ্জার্স পরিবারে স্বাগত সাকিব আল হাসান।’ ২০২৪ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের জার্সিতে মাঠে নামা হয়নি সাকিবের। একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) তাকে দেখা যায়নি। অন্যদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার সর্বশেষ উপস্থিতি ছিল ২০২১ সালে। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি নিয়মিতই খেলছেন। পাকিস্তান সুপার লিগ ও যুক্তরাষ্ট্রের মাইনর লিগে শিরোপা জয়ের পর সম্প্রতি লঙ্কান প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে চার ম্যাচে ৫ উইকেট শিকার করেছেন তিনি, যেখানে তার ইকোনমি ছিল ৬.৩৩। নেপাল প্রিমিয়ার লিগের যাত্রা শুরু হয় ২০২৪ সালে।

উদ্বোধনী আসরে চ্যাম্পিয়ন হয়েছিল জনকপুর বোল্টস। দ্বিতীয় আসরে শিরোপা জেতে লুম্বিনী লায়ন্স। দুইবারই রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে সুদূরপশ্চিম রয়্যালসকে। জনপ্রিয়তা অর্জন করা এই টুর্নামেন্টের তৃতীয় আসর অনুষ্ঠিত হওয়ার কথা আগামী অক্টোবরে। এবারের আসরে পোখারা অ্যাভেঞ্জার্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার অজন্তা মেন্ডিস। তার অধীনেই প্রথমবারের মতো নেপালের ফ্র্যাঞ্চাইজি লিগে মাঠে নামবেন সাকিব।