কমনওয়েলথ গেমস

১০০ মিটারে হিট থেকেই বাদ ইমরানুর

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ব্যক্তিগত সেরা টাইমিং ছাপিয়ে যেতে পারলেন ইমরানুর রহমান। গ্লাসগো কমনওয়েলথ গেমসের ১০০ মিটার স্প্রিন্টের হিট থেকেই বাদ পড়লেন লন্ডন প্রবাসী এই বাংলাদেশি অ্যাথলেট। গতকাল সোমবার প্রথম রাউন্ডে ৯ নম্বর হিটে দৌড়ান ইমরানুর। ১০ দশমিক ৩৯ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন তিনি। নিজের হিটে ছয় জনের মধ্যে তৃতীয় হওয়া ইমরানুর সব মিলিয়ে ৭৩ প্রতিযোগীর মধ্যে হয়েছেন ২৭তম। সেমিফাইনালে ওঠাদের মধ্যে সবশেষ প্রতিযোগী বারবাডোজের গ্রিফিত কুরোন; তার টাইমিং ১০ দশমিক ২৪ সেকেন্ড। দক্ষিণ এশিয়ানদের মধ্যে অবশ্য দ্বিতীয় হয়েছেন ইমরানুর। শ্রীলঙ্কার দিনেথ ইন্দুভারা ১০ দশমিক ৩৩ সেকেন্ড নিয়ে তার ওপরে আছেন। ভারতের গুরিন্দেরভির সিংও ইমরানুরের সমান টাইমিং করেছেন। ২০২৩ সালে লন্ডনের নিউহ্যাম অ্যান্ড এসেক্স বিগলস আউটডোর সিরিজে ১০ দশমিক ১১ সেকেন্ড তার ১০০ মিটারে ইমরানুরের সেরা টাইমিং। গত মে মাসে জাতীয় অ্যাথলেটিকসে ১০ দশমিক ৫৮ সেকেন্ড সময় নিয়ে দেশের দ্রুততম মানব হয়েছিলেন ইমরানুর। জাতীয় ও সামার অ্যাথলেটিকস মিলিয়ে এ নিয়ে ছয়বার সেরা হওয়া এই অ্যাথলেট পারলেন না গ্লাসগোতে কোনো চমক দেখাতে। সাঁতারেও অনুমিতভাবে হিট থেকে ঝরে গেছেন কাজল মিয়া ও সামিউল ইসলাম রাফি। ২০০ মিটার বাটারফ্লাইয়ে ২ মিনিট ১২ দশমিক ৫২ সেকেন্ড সময় নিয়ে ১৯ প্রতিযোগীর মধ্যে ১৬তম হয়েছেন কাজল। ১০০ মিটার ফ্রিস্টাইলে রাফির টাইমিং ৫২ দশমিক ৪৯ সেকেন্ড। ৬৭ জনের মধ্যে ৪০তম হয়ে বিদায় নিয়েছেন তিনি। বক্সিংয়ে হতাশ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত ফেরদৌস। ৫১ কেজি ওজন শ্রেণীতে শেষ ষোলোর লড়াইয়ে তিনি আইরিশ বক্সার ফ্রায়ার্সের কাছে হেরেছেন ৫-০ পয়েন্টে। মেয়েদের ১০০ মিটারে হিট থেকে বিদায় নিয়েছেন শিরিন আক্তার। দেশের দ্রুততম মানবী ১২ দশমিক ৩৯ সেকেন্ড সময় নিয়ে ৫২ প্রতিযোগীর মধ্যে হয়েছেন ৪১তম।