সমালোচকদের উদ্দেশে ফিফা সভাপতির খোলা চিঠি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
২০২৬ ফিফা বিশ্বকাপের সমালোচকদের এক হাত নিয়েছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। টুর্নামেন্টটিকে সংহতি, নিরাপত্তা ও অন্তর্ভুক্তির এক সফল উদযাপন হিসেবে আখ্যা দিয়ে তিনি সমালোচকদের বিরুদ্ধে ঘৃণা ও মিথ্যা রটানোর অভিযোগ তুলেছেন। গতকাল সোমবার প্রকাশিত এক খোলা চিঠিতে ৫৬ বছর বয়সী ইনফান্তিনো বলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো জুড়ে আয়োজিত এবং স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হওয়া এই আসর বিশ্বজুড়ে লাখ লাখ সমর্থকের মনে যে আনন্দ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছে, সমালোচকেরা তা সম্পূর্ণ উপেক্ষা করেছেন।
ইনফান্তিনো বলেন, তোমরা ঘৃণা আর সমালোচনায় এতটাই বুঁদ হয়ে ছিলে যে আসল সবকিছুই মিস করে গেছ।’ তিনি আরও যোগ করেন, ‘কলমণ্ডকাগজ কিংবা স্ক্রিনের পেছনে বসে যারা ঘৃণা ও মিথ্যা গুজব ছড়াচ্ছেন, তাদের আমি বলতে চাই, আপনারা পেছনে বসে থাকলেও আমরা ফিফার সদস্যরা একদম সামনে থেকে দিনরাত কঠোর পরিশ্রম করে বিশ্বকে সেরা আয়োজন উপহার দিয়েছি। আমরা কোনো হিংসা, কোনো অপ্রীতিকর ঘটনা দেখিনি; শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সেখানে ছিল কেবলই আনন্দ আর সুখের মুহূর্ত!’
টুর্নামেন্ট চলাকালীন একাধিক ইস্যুতে সমালোচনার মুখে পড়তে হয়েছিল ফিফাকে, যার মধ্যে কয়েকটি দেশের সমর্থক ও অফিশিয়ালদের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা কড়াকড়ি নিয়ে বিতর্ক এবং সংঘাতপূর্ণ অঞ্চলের দলগুলোকে কেন্দ্র করে তৈরি হওয়া উদ্বেগ অন্যতম।
