বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে ফুটবল ইভেন্টের বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট অঞ্চল। বালিকা বিভাগে শিরোপা ঘরে তুলেছে রংপুর অঞ্চল। গতকাল বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। আরমান খান জিসানের একমাত্র গোলে ময়মনসিংহকে হারিয়ে বালক বিভাগের শিরোপা জেতে সিলেট। আর বালিকা বিভাগে রাজশাহীকে ৪-০ গোলে হারিয়ে সেরা হয়েছে রংপুর।

বালক বিভাগের ফাইনালে শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই হয়। দু’দল বেশকটি আক্রমণ শাণায়। তৃতীয় মিনিটে বক্সের ভেতরে গোলের সুযোগ তৈরি করে ময়মনসিংহ। তবে সিলেটের রক্ষণদূর্গ ভেদ করতে পারেনি তারা। এক মিনিট পর সিলেটের প্রতি আক্রমণ ঠেকায় ময়মনসিংহ। ষষ্ঠ মিনিটে লিডের কাছে চলে গিয়েছিল সিলেট। তবে বা দিকে ঝাঁপিয়ে পড়ে বলটি আটকান ময়মনসিংহের গোলরক্ষক। প্রথমার্ধে কোনো দলই গোলের খাতা খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধে মাঝ মাঠ নিয়ন্ত্রণ নেয় সিলেট। ৫৮ মিনিটে ডি বক্সের অনেক দূর থেকে দূরপাল্লার শট নেন আরাফাত রাফি। সেই শট অল্পের জন্য গোলবারের উপর দিয়ে চলে যায়। এক মিনিট পর ম্যাচের শেষ মুহূর্তে ডেডলক ভাঙেন সিলেটের আরমান খান জিসান। মাঝ মাঠ থেকে দূরপাল্লার শটে গোল করেন তিনি। এই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। বালিকা বিভাগের ফাইনালে ম্যাচের অষ্টম মিনিটে লিড নেয় রংপুর। ডি বক্সের ভেতরে জটলায় বল ক্লিয়ার করতে চেয়েছিলেন ময়মনসিংহের গোলরক্ষক মোসাম্মৎ মিষ্টি। তার নেয়া জোড়ালো শট স্মৃতি কিসকোর গায়ে লেগে জালে জড়ায়। দুই মিনিট পর কর্নার থেকে পাওয়া বলে হেড করে ব্যবধান দ্বিগুন কিসকো। বিরতির আগে ব্যবধান ৩-০ করে রংপুর। এবার গোল করেন তন্বী। বাম দিক থেকে কিসকোর বাড়ানো ক্রস থেকে প্রতিপক্ষের ডিফেন্ডারে পা ছুয়ে বল পান তন্বী। সেখান থেকে সহজেই বল জালে জড়ান রংপুরের ফুটবলার। ৫২ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন সুমাইয়া। বড় জয় দিয়ে বালিকা বিভাগের শিরোপা জেতে রংপুর।