কপাল পুড়ল মিরাজের ওয়ানডে নেতৃত্বে লিটন

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেটে অনেকটা প্রত্যাশিত পরিবর্তনটি অবশেষে আজ আনুষ্ঠানিক রূপ পেল। সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে দলের পারফরম্যান্স এবং নেতৃত্ব নিয়ে আলোচনার মধ্যেই মেহেদী হাসান মিরাজকে সরিয়ে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন থেকে ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। সাদা বলের দুই সংস্করণেই জাতীয় দলের অধিনায়কত্ব করবেন এই ওপেনার। গতকাল বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে নতুন নেতৃত্ব কাঠামোর ঘোষণা দেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। একই সঙ্গে ওয়ানডে দলের সহ-অধিনায়ক হিসেবে তাওহীদ হৃদয়ের নামও ঘোষণা করা হয়। অন্যদিকে টেস্ট দলের নেতৃত্বে কোনো পরিবর্তন আনা হয়নি। দীর্ঘ সংস্করণে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে যাবেন নাজমুল হোসেন শান্ত। নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্তের বিষয়ে বিসিবি সভাপতি তামিম বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের দুই অধিনায়ক থাকা দরকার, বোর্ডও তাই বিশ্বাস করে।’ তিনি জানান, লিটন দাসকে ওয়ানডে দলের অধিনায়ক করার বিষয়ে মেহেদী হাসান মিরাজের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে এবং তিনি এ সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে হারের পর থেকেই মিরাজের নেতৃত্ব নিয়ে সমালোচনা বাড়তে থাকে। এরপর থেকেই তাকে সরিয়ে নতুন অধিনায়ক আনার গুঞ্জন ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত বোর্ড সভায় সেই সিদ্ধান্তই কার্যকর করা হলো। মিরাজের নেতৃত্বের পরিসংখ্যানও খুব একটা স্বস্তিদায়ক ছিল না। তার অধীনে বাংলাদেশ এখন পর্যন্ত ২৪টি ওয়ানডে খেলেছে। এর মধ্যে জয় এসেছে ১০টিতে, হার ১৩টিতে এবং একটি ম্যাচ টাই হয়েছে। বিশেষ করে দেশের বাইরে ১৩টি ওয়ানডেতে মাত্র দুটি জয় নেতৃত্বের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি করেছিল। এদিকে নেতৃত্ব হারানোর দিনই দেশে ফিরেছেন মিরাজ। সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছিলেন এই অলরাউন্ডার। তবে জাতীয় দলের অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরে আসেন তিনি। নেতৃত্বে এই পরিবর্তনের মাধ্যমে সাদা বলের ক্রিকেটে একক নেতৃত্বের দায়িত্ব পেলেন লিটন দাস। সামনে অস্ট্রেলিয়া সফরসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সূচিকে সামনে রেখে নতুন অধিনায়কের অধীনে দলের পারফরম্যান্স কেমন হয়, সেটিই এখন দেখার অপেক্ষা!