আরও ৫ প্রবাসী ফুটবলার আসছে

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বিশ্বের বিভিন্ন দেশ প্রবাসী খেলোয়াড়দের নিয়ে সুফল পাচ্ছে।

এমনকি বড় বড় শিরোপাও জিতে নিচ্ছে। গেল কয়েক বছর ধরে বাংলাদেশও সে পথে হাঁটছে এবং কিছুটা হলেও সুফল পেতে শুরু করেছে। বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর আগমনে দেশের ফুটবলে নব জাগরণ ঘটেছে। ফুটবলে আগ্রহ হারিয়ে ফেলা দর্শকও মাঠে আসতে শুরু করেছে। বিষয়টি অনুধাবন করে আগে থেকেই প্রবাসী ফুটবলাদের সন্ধান করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সফলও হয়েছে তারা। তাই

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে আরও অন্তত পাঁচজন নতুন প্রবাসী ফুটবলারকে যুক্ত করার পরিকল্পনা করছে বাফুফে।

সম্ভাব্য প্রবাসী ফুটবলারদের তালিকায় রয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ, ফরোয়ার্ড জায়ান হাকিমসহ আরও তিনজন। দলের প্রস্তুতি ও পরিকল্পনা অনুযায়ী, সাফ টুর্নামেন্টের আগে জাতীয় দলকে আরও শক্তিশালী করতে চায় বাফুফে। তবে চূড়ান্ত স্কোয়াডে কারা থাকবেন, সে সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতীয় দলের হেড কোচের ওপর।

বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানান, ফুলহামের হয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলা ফারহান আলী ওয়াহিদকে সাফের আগেই দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী তারা। তিনি বলেন, ফারহানের বায়োমেট্রিক সম্পন্ন হওয়ার পর পাসপোর্টের প্রক্রিয়া এগোবে। ইতোমধ্যে তার বাবা ও এজেন্টকে জানিয়ে দেয়া হয়েছে, সেপ্টেম্বরে জাতীয় দলের ক্যাম্প এবং সাফ চ্যাম্পিয়নশিপকে মাথায় রেখে যেন তারা পরিকল্পনা করেন। এ ছাড়া যুক্তরাজ্যপ্রবাসী ফরোয়ার্ড জায়ান হাকিমকে দলে ভেড়ানোর কাজও এগিয়ে চলছে।