সংকেতের অপেক্ষায় ভারত বিকল্প পথ খুঁজছে বিসিবি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর এখনো নিশ্চিত নয়! তবে সেই সফর বাস্তবায়নে একাধিক বিকল্প নিয়ে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন সম্ভব না হলে অন্তত সীমিত পরিসরের একটি সিরিজ আয়োজনের পথ খোলা রাখতে চায় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। লক্ষ্য একটাই-দীর্ঘ প্রতীক্ষার পর ভারতীয় দলকে বাংলাদেশে খেলতে আনা! ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, লন্ডনে আইসিসির বার্ষিক সভায় বিসিবি ও বিসিসিআই কর্মকর্তাদের আলোচনায় নতুন এই বিকল্প উঠে এসেছে। সেখানে পূর্ণাঙ্গ সফরের পাশাপাশি কেবল একটি ফরম্যাটে তিন ম্যাচের সিরিজ আয়োজনের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। মানে যে করেই হোক ভারতের সফরটা চাইছে বিসিবি!
ভারতের এই সফর মূলত হওয়ার কথা ছিল ২০২৪ সালের মাঝামাঝি সময়ে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের কারণে সফরটি স্থগিত হয়ে যায়। পরে সূচি পুনর্র্নিধারণ করে চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরকে লক্ষ্য করা হলেও এখনো ভারত সরকারের আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়ায় সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করতে পারেনি বিসিবি! তবে অনিশ্চয়তার মধ্যেও প্রস্তুতি এগিয়ে রাখছে বাংলাদেশ। ভারত সফরে রাজি হলে ম্যাচ আয়োজনের জন্য ঢাকার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে প্রাধান্য দেওয়ার পরিকল্পনা রয়েছে। এমনকি প্রয়োজন হলে একটি ভেন্যুতেই পুরো সিরিজ আয়োজনের প্রস্তুতিও রয়েছে বিসিবির। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বিসিসিআইয়ের একটি সূত্র জানায়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রয়োজনে এক ভেন্যুতেই পুরো সিরিজ আয়োজন করতে রাজি আছে। তবে তাদের প্রথম পছন্দ তিনটি টি-টোয়েন্টি একটি ভেন্যুতে এবং তিনটি ওয়ানডে অন্য একটি ভেন্যুতে আয়োজন করা। সে ক্ষেত্রে ঢাকা ও চট্টগ্রামই এগিয়ে রয়েছে। পাশাপাশি যেকোনো একটি ফরম্যাটে সিরিজ আয়োজনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সম্প্রতি লন্ডনে আইসিসির সভার ফাঁকে দুই বোর্ডের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে।’
ভারতের সূচিতেও এই সফরের প্রভাব পড়তে পারে।
