বিপিএলের ভবিষ্যৎ অনিশ্চিত

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর আয়োজন নিয়ে অনিশ্চয়তা বেড়েছে আরও! টুর্নামেন্টটি আদৌ হবে কি না, তা নিয়ে ক্রিকেটাঙ্গনে জোর গুঞ্জন থাকলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি তামিম ইকবালের বক্তব্যে স্পষ্ট হয়েছে, পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া শুধু আনুষ্ঠানিকতা রক্ষার জন্য বিপিএল আয়োজনের পক্ষে নয় বর্তমান বোর্ড। বোর্ড সভা শেষে একদিন আগেই সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘বিপিএল আমি কেবল করার জন্য করব না। আমার মনে হয় না হাতে পর্যাপ্ত সময় আছে। আমরা যদি সামনে বিপিএল করি ভালোভাবে করব। যেভাবে করা দরকার সেভাবে করব।’

দায়িত্ব নেওয়ার পর থেকেই বিপিএল নিয়ে একই অবস্থানের কথা জানিয়ে আসছেন তামিম। সাম্প্রতিক বছরগুলোতে টুর্নামেন্টের আয়োজন, ব্যবস্থাপনা ও আর্থিক দিক নিয়ে নানা সমালোচনার প্রেক্ষাপটে তিনি মানসম্পন্ন একটি আসর আয়োজনের ওপর গুরুত্ব দিচ্ছেন। বিসিবির হিসাব অনুযায়ী, সর্বশেষ তিন আসরে বিপিএল থেকে লাভের বদলে লোকসান হয়েছে। এর পাশাপাশি ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে জটিলতা, সূচি নিয়ে সমালোচনা এবং ফিক্সিং-সংক্রান্ত বিতর্কও বিপিএলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটেও নতুন দায়িত্ব পেয়েছেন বিসিবি সভাপতি। আইসিসির বোর্ড সভায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তদারকিবিষয়ক কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তামিম। নতুন দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘আইসিসির মিটিং ভালোই হয়েছে। ৯ জুলাই প্রথম ইনফরমাল মিটিংয়ে জয়েন করি। ১১-১২ জুলাই দুইদিন ফরমাল মিটিংয়ে জয়েন করি। তারা আমাকে স্বাগত জানিয়েছে।