অস্ট্রেলিয়ায় তাসকিনের সুখবর নাহিদকে নিয়েও আশার আলো
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়া সফরের শুরুতেই বাংলাদেশের পেস আক্রমণে লেগেছে চোটের ধাক্কা। নাহিদ রানা পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন, আর তাসকিন আহমেদের ফিটনেস নিয়েও ছিল শঙ্কা। তবে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর স্বস্তির খবরই দিলেন বাংলাদেশের অভিজ্ঞ এই পেসার। নিজের শারীরিক উন্নতির পাশাপাশি নাহিদ রানার দ্রুত মাঠে ফেরার আশাও প্রকাশ করেছেন তিনি।
অস্ট্রেলিয়ায় অবস্থান করেই আশার বার্তা দিলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতির মধ্যে চিকিৎসকের সঙ্গে পরামর্শ শেষে নিজের শারীরিক অবস্থার উন্নতি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন ডানহাতি এই গতিতারকা। একই সঙ্গে ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে যাওয়া জাতীয় দলের আরেক পেসার নাহিদ রানাকে নিয়েও আশাবাদী তাসকিন। গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তাসকিন জানান, দ্রুত সুস্থ হয়ে আবারও একসঙ্গে মাঠে নামতে চান তারা। তিনি লিখেছেন, ‘আশা করি আমাদের শারীরিক অবস্থার আরও উন্নতি হবে এবং ইনশাআল্লাহ খুব শিগগিরই আমার ভাই নাহিদ রানার সঙ্গে আবার একসঙ্গে খেলতে পারব।’
শুধু নিজের ফিটনেস নিয়েই নয়, চিকিৎসাসেবায় সহযোগিতা পাওয়া ব্যক্তিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের এই পেসার। বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসক ড. ড্রর মাওরকে। পাশাপাশি অস্ট্রেলিয়ায় থাকা বাংলাদেশি সহযোগী বাবুর অবদানের কথাও উল্লেখ করেছেন তিনি।
তাসকিন তার ফেসবুক পোস্টে আরও লিখেছেন, ‘আমাদেরকে আপনার অসাধারণ সেবার জন্য ডাঃ দ্রোর মাওরকে বিশেষ ধন্যবাদ। এছাড়াও আমাদের বাংলাদেশী বাবু ভাই, আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন। অস্ট্রেলিয়া সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
বাংলাদেশ দলের জন্য এই বার্তাটি স্বস্তির হলেও নাহিদ রানাকে ছাড়াই অস্ট্রেলিয়া সফর চালিয়ে যেতে হবে টাইগারদের। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন তরুণ এই পেসার। অন্যদিকে তাসকিন রয়েছেন প্রথম টেস্টের দলে এবং তার ফিটনেসের অগ্রগতি বাংলাদেশ দলের জন্য ইতিবাচক খবর হিসেবেই দেখা হচ্ছে।
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে শুক্রবার রাতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে প্রথম বহরের ক্রিকেটাররা ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পথে। সেখানে স্থানীয় একটি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পর মূল লড়াইয়ে নামবে টাইগাররা।
দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ। একমাত্র জয়টি এসেছে ২০১৭ সালে মিরপুরে। এবার দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়ার মাটিতে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই সফর শুরু করেছে শান্তর দল। আর সেই লক্ষ্য পূরণে তাসকিনের সুস্থ হয়ে ওঠা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বড় ইতিবাচক খবর।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, সৌম্য সরকার, সাদমান ইসলাম, লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, অমিত হাসান, জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন ও মুশফিক হাসান।
