গ্র্যান্ডমাস্টার নর্ম পাওয়া হলো না মননের
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
ভাকিয়ার গ্র্যান্ডমাস্টার ফিলিপ হারিংয়ের বিপক্ষে পেরে উঠলেন না বাংলাদেশের সর্বকনিষ্ঠ ইন্টারন্যাশনাল মাস্টার মনন রেজা নীড়। ফলে, তার প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম পাওয়ার সম্ভাবনা গুঁড়িয়ে গেল। হাঙ্গেরিতে হওয়া সিক্স ডেইজ জুলাই ২০২৬ জিএমণ্ডবি দাবায় শনিবার নবম রাউন্ডে হেরেছেন মনন। ১৬ বছর বয়সী এই তরুণ টুর্নামেন্ট শেষ করলেন ৬ পয়েন্ট নিয়ে। গ্র্যান্ডমাস্টার নর্ম পাওয়ার জন্য তার প্রয়োজন ছিল ৭ পয়েন্ট।
আগের আট রাউন্ডে অপরাজিত ছিলেন মনন। চারটি করে জয় ও ড্রয়ে দারুণ আশা জাগিয়েছিলেন তিনি। জার্মানির গ্র্যান্ডমাস্টার হাগেন পোয়েটস ও হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার ডাভিড বের্কজেসকে হারান তিনি। কিন্তু নতুন কোনো চমক দেখাতে পারলেন না শেষ রাউন্ডে। তাতে দারুণ এক রেকর্ডও গড়া হলো না মননের।
মাত্র ১৪ বছর বয়সে আন্তর্জাতিক মাস্টার (আইএম) খেতাব পান মনন। বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার হওয়ার গৌরব তিনি অর্জন করেন দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদের রেকর্ড ভেঙে।
১৯৮১ সালের ১৩ অক্টোবরে ১৫ বছর ৫ মাস বয়সে ইন্টারন্যাশনাল মাস্টার হয়েছিলেন নিয়াজ। ফিদে মাস্টারের সার্টিফিকেট তিনি পেয়েছিলেন ১৯৮২ সালে। ২০২৪ সালের ১৭ অক্টোবর ১৪ বছর ৩ মাস বয়সে রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন মনন। হাঙ্গেরির বুদাপেস্টে লক্ষ্য পূরণ হলে তিনি সর্বকনিষ্ঠ বাংলাদেশি হিসেবে গ্র্যান্ডমাস্টার নর্ম পেতেন।
