শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে লিটন

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ দল! চোট থেকে সেরে ওঠার পথে থাকা লিটন দাসকে শেষ মুহূর্তে দলে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের ঘোষিত স্কোয়াডে তার নাম না থাকলেও পুনর্বাসন প্রক্রিয়ায় ইতিবাচক অগ্রগতির পর তাকে অস্ট্রেলিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে কাফ মাসলে চোট পান লিটন।

এরপর থেকে মাঠের বাইরে থাকা এই ব্যাটার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে থাকলেও কোনো ম্যাচে খেলতে পারেননি। পরে উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান। তখন বিসিবি জানিয়েছিল, ফিটনেস পরীক্ষার পরই তার মাঠে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে নির্ধারিত সময়ের আগেই পুনর্বাসনে সন্তোষজনক উন্নতি হওয়ায় লিটনকে প্রথম টেস্টের জন্য বিবেচনায় নেওয়া হয়েছে। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিনি এখন আগের চেয়ে ভালো অনুভব করছেন। আজ রোববার ডারউইনের উদ্দেশে রওনা হয়ে দলের সঙ্গে যোগ দেবেন এবং সেখানেই পুনর্বাসনের শেষ ধাপ পূর্ণ করবেন। পরিস্থিতি অনুকূলে থাকলে প্রথম টেস্টের একাদশেও জায়গা পেতে পারেন তিনি। এদিকে চোটের কারণে সিরিজজুড়েই বাংলাদেশকে ভুগতে হচ্ছে। সাইড স্ট্রেইনের কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার নাহিদ রানা। একই কারণে প্রথম টেস্টের দলে নেই শরীফুল ইসলামও। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু সিরিজের প্রথম টেস্ট। এরপর ২২ আগস্ট শুরু ম্যাকাইয়ে দ্বিতীয় ও শেষ টেস্ট।

প্রথম টেস্টের বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, মুশফিক হাসান ও লিটন দাস।