গুঞ্জন উড়িয়ে রিয়ালের অনুশীলনে ভিনিসিয়ুস
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক

রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে বাড়তে থাকা গুঞ্জন কিছুটা কমেছে। নানা জল্পনা-কল্পনার মাঝে বিশ্বকাপ-পরবর্তী বিরতি শেষে আনুষ্ঠানিকভাবে স্প্যানিশ ক্লাবটির অনুশীলনে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা ফরোয়ার্ড। আর এতে চলতি গ্রীষ্মে তাকে আর্সেনালের দলে টানার পরিকল্পনায় বড় ধাক্কা লেগেছে বলে মনে করা হচ্ছে। উত্তর আমেরিকার বিশ্বকাপ শেষে গতকাল সোমবার রিয়ালের সঙ্গে যোগ দেন ভিনিসিয়ুস। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়ানো একটি ভিডিওতে দেখা যায় কালো রঙের একটি বিএমডব্লিউতে চড়ে ভালদেবেবাস কমপ্লেক্সে ঢুকছেন তিনি।
পরে এক বিবৃতিতে মাদ্রিদের ক্লাবটি জানায়, অনুশীলনে শুরু করার আগে ‘সকালে মেডিকেল চেক-আপ’ করিয়েছেন ২৬ বছর বয়সি ভিনিসিয়ুস। ক্লাবে তার ফেরা ইঙ্গিত দিচ্ছে, নতুন কোচ হোসে মরিনহোর কোচিংয়ে ২০২৬-২৭ মৌসুমের জন্য নিজেকে তৈরি করায় মনোযোগ দিচ্ছেন তিনি। তবে সান্তিয়াগো বের্নাবেউয়ে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা এখনও পুরোপুরি থামেনি। কারণ, ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করেননি তিনি। বর্তমান চুক্তির মেয়াদ বাকি কেবল এক বছর। তার নতুন কোনো চ্যালেঞ্জ গ্রহণের সম্ভাবনা নিয়েও তাই চলছে আলোচনা।
গণমাধ্যমের খবর, ভিনিসিয়ুসের চুক্তির মেয়াদ বাড়ানোর আগের প্রস্তাবে যে সুযোগ সুবিধার কথা বলেছিল রিয়াল, সেই পরিকল্পনা থেকে নাকি সরে এসেছে ক্লাবটি। শুধু তাই নয়, নতুন চুক্তি না করলে, এই গ্রীষ্মেই তাকে বিক্রি করে দেওয়ার প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রেখেছে রিয়াল। এসবের মাঝে শোনা যাচ্ছে, ভিনিসিয়ুসকে খুব করে দলে পেতে চায় আর্সেনাল। তবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা এখনও নাকি কোনোরকম যোগাযোগ করেনি। তবে স্প্যানিশ বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, আর্সেনাল কোচ মিকেল আর্তেতা নিজে ভিনিসিয়ুসকে দলে টানার চেষ্টা চালাচ্ছেন। গুঞ্জন রয়েছে, সরাসরি এই উইঙ্গারের সঙ্গে যোগাযোগ করে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। ভিনিসিয়ুসকে নাকি আর্তেতা বোঝানোর চেষ্টা করেছেন, আর্সেনালের পুরো প্রকল্পই তাকে কেন্দ্র করে গড়ে তোলা হবে।
ভিনিসিয়ুস রিয়ালে অনুশীলন শুরু করেছেন এবং নতুন মৌসুমের প্রস্তুতি নিচ্ছেন। তবু পরিস্থিতি বদলালে সুযোগ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আর্সেনাল। রিয়ালের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করা না পর্যন্ত ইংলিশ ক্লাবটিতে তার পাড়ি জমানোর সম্ভাবনা নিয়ে জল্পনা চলতেই থাকবে। ২০১৮ সালে টিনএজার হিসেবে রিয়ালে যোগ দেন ভিনিসিউস। ক্লাবটিতে শুরুর দিকে তার মানিয়ে নিতে বেশ সময় লাগলেও, পরে সময়ের সেরা ফুটবলারদের একজন হয়ে ওঠেন তিনি। দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পথে ফাইনালে গোল করেন তিনি। ২০২৪ সালে ব্যালন দ’রের লড়াইয়ে হন রানার্সআপ এবং ওই বছরের ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন তিনি।
