পিএসএলে বিদেশি হিসেবে খেলবেন পাকিস্তানের আমির
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার পর আইপিএলসহ বিশ্বের অনেক লিগেই খেলার সম্ভাবনা বেড়েছে মোহাম্মদ আমিরের। কিন্তু পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তার খেলা নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। আগামী মৌসুমে বিদেশি ক্রিকেটার হিসেবে খেলতে হবে তাকে।
পাকিস্তানের সাবেক এই বাঁহাতি পেসার নিজেই ইঙ্গিত দিয়েছেন, আগামী মৌসুমে পিএসএলে তাকে স্থানীয় নয়, বিদেশি ক্রিকেটার হিসেবে নিবন্ধন করতে হতে পারে। আর সেটি হলে নতুন করে জটিল সমীকরণের মুখে পড়বে তার বর্তমান দল রাওয়ালপিন্ডিজ। উইজডেনের ‘দ্য স্কুপ এক্সটেন্ডেড’ অনুষ্ঠানে আমির বলেন, নাগরিকত্ব পরিবর্তনের পর পিএসএলে তার মর্যাদাও বদলে যেতে পারে। গত জুনে ব্রিটিশ নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর থেকেই আমিরের ক্যারিয়ারে এসেছে নতুন মোড়। ইংল্যান্ডের টি-টোয়েন্টি প্রতিযোগিতা ভাইটালিটি ব্লাস্টে নটিংহ্যামশায়ারের হয়ে তিনি খেলছেন স্থানীয় ক্রিকেটার হিসেবে।
