জোড়া গোলে নতুন রেকর্ড মেসির

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ম্যাচ শুরুর মিনিট পাঁচেক না যেতেই স্যান লুইসের গোল! ঘরের মাঠে ইন্টার মায়ামির জন্য একটি ধাক্কাই বটে। জেগে ওঠার ডাকও। জবাব দিতে সময় খুব বেশি নিল না তারা। যথারীতি সেখানে সামনে থেকেই নেতৃত্ব দিলেন লিওনেল মেসি। দুটি গোল করলেন মায়ামি অধিনায়ক, করালেন একটি। তার নাম লেখা হলো রেকর্ড বইয়েও। শেষ পর্যন্ত আর পাত্তা পেল না প্রতিপক্ষ। লিগস কাপের ম্যাচটিতে মেক্সিকোর ক্লাব আতলেতিকো স্যান লুইসকে ৪-২ গোলে হারায় মেসির ইন্টার মায়ামি।

বিশ্বকাপের পর প্রথমবার শুরুর একাদশে খেলতে নেমে দুই গোল করে মেসি গড়েন রেকর্ড। লিগস কাপে তার গোল এখন ১৪টি। ২০২৩ সালে টুর্নামেন্টটি সম্প্রসারিত হয়ে নতুনভাবে শুরুর পর সবচেয়ে বেশি গোলের রেকর্ড এটিই। পেরিয়ে যান তিনি লস অ্যাঞ্জেলস এফসির ডেনিস বুয়াঙ্গাকে। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ক্লাবগুলিকে নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় ১২ ম্যাচ খেলে পাঁচটিতেই একাধিক গোল করলেন আর্জেন্টাইন জাদুকর। মায়ামির নু স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ মিনিটে দারুণ বিল্ড আপ থেকে দাভিদ রদ্রিগেসের হেডে এগিয়ে যায় স্যান লুইস। মিনিট ছয়েক পরই সমতায় ফেরে মায়ামি।

গোছানো আক্রমণে বাম প্রান্ত থেকে বক্সের ভেতর বল বাড়ান নোয়াহ অ্যালেন। জটলর ভেতরও তখন একটু জায়গা পেয়ে যান মেসি। সরাসরি ভলিতে বল জালে জড়ান তিনি। চতুর্দশ মিনিটে দারুণভাবে ডাইভ দিয়ে মায়ামিকে রক্ষা করেন গোলকিপার রোকো রিওস নোভো। ২৩তম মিনিটে কাজেমিরোর চোখধাঁধানো পাস থেকে বুক দিয়ে বল নামিয়ে ভলিতে গোল করেন ডেভিড পিন্টার। তবে অফসাইডের কারণে বাতিল হয় তা।

মায়ামি এগিয়ে যায় ২৬তম মিনিটে। সেটিও অবদান রাখেন অ্যালেন। চমৎকার একটি থ্রু বল পেয়ে স্যান লুইসের রক্ষণভাগকে পেছনে ফেলে এগিয়ে যান অ্যালেন এবং বলটি বাড়িয়ে দেন তেলাস্কো সেগোভিয়ার দিকে। যিনি কাছ থেকে শটে গোল করেন। প্রথমার্ধের শেষ ভাগে আরও দুটি গোল করে মায়ামি। মেসি তার দ্বিতীয় গোল পান ৪৪তম মিনিটে। স্যান লুইসের রক্ষণভাগের জটলার মধ্যেও গোল করার পথ খুঁজে নেন তিনি। এখানেও বড় ভূমিকা অ্যালেনের।