সাকিবের এখন আর সুযোগ নেই : প্রতিমন্ত্রী
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
সাকিব আল হাসান দেশে ফেরার বিষয়ে বর্তমান সরকার থেকে কোনো সহযোগিতা পাননি বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। তবে সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিষয়টি অস্বীকার করেছেন। গতকাল শুক্রবার সাকিব আল হাসানের সাক্ষাৎকার প্রকাশের পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘সাকিব আল হাসানের বিষয়ে আমরা নমনীয় ছিলাম। সে যদি খেলার জন্য দেশে আসতো, তাহলে আমরা তার বিষয়ে নমনীয় হয়ে সব দেখতাম। সেভাবেই বিষয়টির ওপর আমাদের দৃষ্টি ছিল।
কিন্তু বর্তমান অবস্থায় এখন আর তা সম্ভব নয়।’
অসহযোগিতার অভিযোগের বিষয়ে আমিনুল হক বলেন, ‘এখানে অসহযোগিতার কিছু নেই। আমি বারবারই বলেছি, সাকিবের বিষয়টি নমনীয় হয়ে দেখা হবে। আমি নিজে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, যেন আইনি প্রক্রিয়াগুলো নমনীয়ভাবে চলে। এরপরও অসহযোগিতার কিছু দেখতে পাইনি।
এছাড়া সাকিব তো দেশে ফিরে আইনি লড়াইয়ে নামেননি।’ তবে বর্তমানে রাজনৈতিক অবস্থানের কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিব আল হাসানের দেশে ফেরার আর কোনো সুযোগ নেই বলে মনে করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তিনি বলেন, ‘যে স্বৈরাচারের সঙ্গে আছে, তার তো আর আসার সুযোগ আছে বলে মনে হয় না। সে পুরোপুরি একজন রাজনীতিবিদ হিসেবে অবস্থান নিয়েছে। একজন খেলোয়াড় হিসেবে যেটা আমরা চিন্তা করছিলাম, আমরা নমনীয় ছিলাম। সেভাবে দেখছিলাম। এখন আর নমনীয়তার কোনো সুযোগ নেই। সে যদি আসে, তাহলে আইনগতভাবে লড়াই করতে হবে।’
