শোকার্ত মেসির সঙ্গে দেখা করবেন পারেদেসরা

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

বাবা হারানো লিওনেল মেসির পাশে থাকার কথা বলেছেন তার জাতীয় দলের সতীর্থ লেয়ান্দ্রো পারেদেস। বোকা জুনিয়র্স অধিনায়ক জানিয়েছেন, সতীর্থদের সঙ্গে নিয়ে হোর্হে মেসির শেষকৃত্যে যোগ দিতে রোসারিওতে যাবেন তিনি। দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পর গত শুক্রবার রাতে আর্জেন্টিনার রোসারিও শহরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৬৮ বছর বয়সী হোর্হে। শনিবার সংবাদমাধ্যমে আসে এই খবর। সেদিন রাতেই স্ত্রী-সন্তানদের নিয়ে ব্যক্তিগত বিমানে রোসারিওতে পৌঁছান ইন্টার মায়ামি তারকা মেসি।

বাংলাদেশ সময় রোববার সকালে বোকার ম্যাচের পর পারেদেস বলেন, কঠিন সময়ে আর্জেন্টিনা অধিনায়কের সঙ্গে দেখা করতে রোসারিওতে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি। ‘আমি তার সঙ্গে কথা বলতে পারিনি। জানি তিনি ভ্রমণে ছিলেন। তার ফেরার জন্য অপেক্ষা করছি, যাতে এই সময়ে তার পাশে থাকতে পারি। আমাদের পাশে পেলে অবশ্যই তার ভালো লাগবে। এখন আমার কয়েকজন সতীর্থের সঙ্গে কথা বলব যে, আমরা আজ যাব নাকি আগামীকাল।’ আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর অনুযায়ী, হোর্হের শেষকৃত্য হবে ব্যক্তিগত আয়োজনে, যেখানে শুধুমাত্র তার পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন।