ডারউইনে কী অপেক্ষা করছে বাংলাদেশের জন্য?
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
মিরপুরের উইকেট নিয়ে যেমন ম্যাচের আগে নানা আলোচনা হয়, বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টের আগে ডারউইনের ২২ গজ নিয়েও তৈরি হয়েছে একই রকম কৌতূহল! বৃহস্পতিবার মারারা ওভালে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ আয়োজন করতে যাচ্ছে ডারউইন। নতুন এই টেস্ট ভেন্যুকে ঘিরে দর্শকদের যেমন আগ্রহ, মাঠকর্মী ও কিউরেটরদের উচ্ছ্বাসও তেমনই। তবে ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন, কেমন হবে এখানকার উইকেট? অস্ট্রেলিয়া দলের কাছেও যার পুরোপুরি উত্তর নেই। শেষ পর্যন্ত সেই রহস্যের কিছুটা পর্দা তুলেছেন মারারা ওভালের কিউরেটর জ্যাক পাভলিচ। তার কথায়, বাংলাদেশকে শুরুতেই খুব বেশি স্বস্তি দিতে চান না এমন কোনো পিচও নয়, আবার হুট করে চরিত্র বদলে ফেলা উইকেটও নয়। বরং তার লক্ষ্য একটি ধারাবাহিক, ভালো ব্যাটিং উইকেট তৈরি করা।
পাভলিচ বলেন, ‘প্রতিপক্ষ বাংলাদেশও বেশ অভিজ্ঞ দল। তাই আমরা কনসিস্টেন্ট পিচ চাই যেটা খেলার জন্য ভালো হবে। আমরা সব কিছু নিয়ে গর্বিত। ছেলেরা এখানে আছে কয়েকদিন হলো। ভেন্যুটারও ক্রমশ উন্নতি হচ্ছে। এখানে প্রথম শ্রেণির ক্রিকেটের ভালো সুযোগ-সুবিধা রয়েছে। আমাদের জন্য অনেক গৌরবের ব্যাপার।’ তবে তার এই ‘কনসিস্টেন্ট’ উইকেটের অর্থ যে বোলারদের জন্য পুরোপুরি নিরাশার নয়, সেটিও পরিষ্কার করেছেন পাভলিচ। ম্যাচ যত গড়াবে, উইকেটের চরিত্র ততটা চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। বিশেষ করে চতুর্থ ও পঞ্চম দিনে বোলাররা বাড়তি সুবিধা পেতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
কিউরেটর আরও বলছিলেন, ‘চতুর্থ ও পঞ্চম দিনে উইকেট চ্যালেঞ্জিং হয়ে উঠতেই পারে। তবে আমরা কনসিস্টেন্ট পিচ তৈরির চেষ্টাই করেছি। পিচে এডজাস্টমেন্ট জরুরী। টিপিক্যাল অস্ট্রেলিয়ান পিচ বলতে যা বোঝায়, আসলে দেশের সব পিচ তেমনই আচরণ করে। তাই এখানেও ব্যতিক্রম হবে না। আমি আশা করছি কনসিস্টেন্ট গুড ব্যাটিং উইকেট থাকবে।
