ফুটবলের মাঠে ফের এক হচ্ছে মেসি-সুয়ারেজ-নেইমার ত্রয়ী!

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ফুটবলের অন্যতম বিধ্বংসী আক্রমণভাগ ‘এমএসএন’ (মেসি-সুয়ারেজ-নেইমার) ত্রয়ী কি আবার এক ছাদের নিচে আসতে যাচ্ছে? নতুন কিছু গুঞ্জন ও আলোচনার সূত্র ধরে সেই সম্ভাবনা আবার জোরালো হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সাথে যোগ দিয়ে ৩৪ বছর বয়সী নেইমার জুনিয়র সেই কিংবদন্তি ট্রায়ো পুনর্গঠন করতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে।

বর্তমানে শৈশবের ক্লাব সান্তোসে থাকা নেইমারের চুক্তির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হতে চলেছে। শাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর সান্তোসের সাথে চুক্তি নবায়ন নিয়ে কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। নেইমার নিজেও ভবিষ্যতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি- অন্য ক্লাবে যোগ দেওয়া, সান্তোসে চুক্তি বাড়ানো এমনকি অবসর নেওয়ার সম্ভাবনাও তিনি খোলা রেখেছেন।

যদি সান্তোস ছাড়েন, তবে পরবর্তী গন্তব্য হিসেবে ইন্টার মায়ামির নামই সবচেয়ে সামনে আসছে। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় এক সাথে খেলে ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা এই ত্রয়ী ১২২টি গোল করে ট্রেবলসহ নয়টি শিরোপা জিতেছিলেন। ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোয় পিএসজিতে যোগ দিয়ে নেইমার সেই যুগান্তকারী অধ্যায়ের ইতি টেনেছিলেন।

প্রায় এক দশক পর আবার এই তিন তারকাকে এক সাথে দেখার সম্ভাবনা সামাজিক যোগাযোগ মাধ্যম ও সমর্থকদের মাঝে দারুণ রোমাঞ্চ ছড়িয়েছে। ইন্টার মায়ামি ও এমএলএসের বাণিজ্যিকভাবেও এটি হতে পারে বিশাল এক প্রাপ্তি। তবে সাম্প্রতিক বছরগুলোতে নেইমারের বারবার ইনজুরিতে পড়া এই দলবদলের ক্ষেত্রে একটি বড় দুশ্চিন্তার বিষয়।