এক দশকের প্রণয় শেষে বিয়ে রোনালদো-জর্জিনার

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

দীর্ঘ এক দশকের ভালোবাসার গল্প অবশেষে রূপ নিলো পরিণতিতে। বিয়েবন্ধনে আবদ্ধ হলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের জীবনসঙ্গী জর্জিনা রদ্রিগেজ। স্থানীয় সময় গত মঙ্গলবার পর্তুগালের সমুদ্রতীরবর্তী অভিজাত রিসোর্ট ক্যাসকাইসে ঘরোয়া পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রোনালদো নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায়, দুটি হাত পরস্পরের ওপর রাখা। দুজনের হাতেই জ্বলজ্বল করছে বিয়ের আংটি। ছবির সঙ্গে পর্তুগিজ তারকা শুধু লিখেছেন, ‘ঈ??এ’। পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। মাত্র ৩০ মিনিটের মধ্যে ছবিটিতে ৩০ লাখের বেশি লাইক পড়ে।

বিয়ের খবর প্রকাশের আগ পর্যন্ত অনুষ্ঠানটি ছিল অনেকটাই গোপন। পরে বিভিন্ন প্রতিবেদনে জানা যায়, রাজধানী লিসবনের কাছাকাছি পশ্চিম পর্তুগালের উপকূলীয় শহর কাসকাইসে ঘরোয়া পরিবেশে বিয়ের আয়োজন করা হয়। ব্রান্সউইক গ্রুপের এক ঘোষণাতেও অনুষ্ঠানের স্থান হিসেবে কাসকাইসের নাম উল্লেখ করা হয়েছে। রোনালদো ও জর্জিনার প্রেমের শুরু প্রায় এক দশক আগে। ২০১৬ সালে মাদ্রিদে একটি গুচি বুটিকে তাদের প্রথম দেখা। সেখানে তখন বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন জর্জিনা। আর রোনালদো ছিলেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার। প্রথম সাক্ষাৎটা খুব বেশি আনুষ্ঠানিক ছিল না। তবে কয়েক দিন পর একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে আবার দেখা হয় দুজনের।

এবার কাজের ব্যস্ততার বাইরে তুলনামূলক স্বাভাবিক পরিবেশে কথা বলার সুযোগ পান তারা। ২০২৫ সালে ‘ভোগ অ্যারাবিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জিনা বলেছিলেন, রোনালদোর সঙ্গে দেখা হতেই এক অদ্ভুত প্রশান্তি ও শক্তি পেয়েছিলাম। মনে হচ্ছিল, আমরা যেন একে অপরকে বহুকাল ধরে চিনি। মন দেয়া নেয়ার পর একসঙ্গে বসবাস শুরু করেন তারা। এ সময়ে তাদের পরিবারও বড় হয়েছে। ২০১৭ সালের নভেম্বরে জর্জিনার কোলজুড়ে আসে কন্যাসন্তান আলানা মার্টিনা। এর কয়েক মাস আগে সারোগেসির মাধ্যমে রোনালদোর যমজ সন্তান মাতেও ও এভা মারিয়ার জন্ম হয়। রোনালদোর বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের পাশাপাশি যমজ সন্তানদেরও নিজের পরিবারের অংশ হিসেবে গ্রহণ করেন জর্জিনা। পরে তাদের পরিবারে আসে আরেক কন্যা বেলা এসমেরাল্ডা।

সব মিলিয়ে পাঁচ সন্তানকে ঘিরে গড়ে উঠেছে রোনালদো-জর্জিনার পরিবার। ক্রিস্টিয়ানো জুনিয়র, যমজ এভা ও মাতেও, আলানা মার্টিনা এবং বেলা এসমেরাল্ডা। বিয়ের ব্যক্তিগত অনুষ্ঠানেও সন্তানদের উপস্থিতি ছিল বলে জানা গেছে। বিয়ের আগে গত বছরের ১১ আগস্ট নিজেদের বাগদানের খবর প্রকাশ করেছিলেন রোনালদো ও জর্জিনা।