নিষিদ্ধ দীপু চাকমা ফিরছেন আবার

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

নানা অভিযোগে গত বছর এসএ গেমসের ক্যাম্প থেকে আগের অ্যাডহক কমিটি বহিষ্কার করেছিল স্বর্ণজয়ী তায়কোয়ান্দোকা দীপু চাকমাকে। ঠিক ১০ মাস পর আবার নিজ আঙিনায় ফিরছেন এই সোনার ছেলে। তায়কোয়ান্দো ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির প্রথম সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন সাধারন সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাকক্ষে ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি আদম সাক্কু চৌধুরী, ড. রশিদ আহমেদ রওহাইনি, জোসেফ বি হাকিমসন, আহাদুজ্জামান, সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানাসহ অ্যাডহক কমিটির সদস্যরা।

নেপাল এসএ গেমসে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণপদক জিতে লাল সবুজের পতাকা গায়ে জড়িয়ে ছিলেন তায়কোয়ান্দোকা দীপু চাকমা। সেই দৃশ্য দেখে গর্বে বুক ফুলে উঠেছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কর্মকর্তাদের। যখন একটি স্বর্ণপদকের আশায় চাতক পাখির মতো ছিলেন বাংলাদেশের কর্মকর্তা, ঠিক তখনি তায়কোয়ান্দোর পুমসে থেকে সেই কাঙ্ক্ষিত পদকটি এনে দেন দিপু চাকমা। যেন হাফ ছেড়ে বাঁচেন লাল সবুজের কর্তারা।