ভারত-পাকিস্তানের লড়াই শুধু পদকের জন্য!
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা! তবে নাগোয়া এশিয়ান গেমসে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে হলে দর্শকদের অপেক্ষা করতে হবে পদকের মঞ্চ পর্যন্ত। কেননা টুর্নামেন্টের শুরুতে মুখোমুখি হওয়ার সুযোগ নেই তাদের। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়ায় বসবে এশিয়ান গেমসের আসর। ক্রিকেট শুরু হবে অবশ্য এর আগেই, ১৭ সেপ্টেম্বর। নারী ক্রিকেট দিয়ে শুরু হয়ে ৩ অক্টোবর পুরুষদের ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ক্রিকেটের আয়োজন। পুরুষদের ক্রিকেটে ভারত ও পাকিস্তান দুই দলই সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। বাংলাদেশের সঙ্গে তারাও শীর্ষ চার বাছাই দলের মধ্যে রয়েছে। ভারত খেলবে কোয়ার্টার ফাইনাল-২-এ, আর পাকিস্তান কোয়ার্টার ফাইনাল-১-এ। দুই ম্যাচই হবে ২৮ সেপ্টেম্বর। ড্রয়ের হিসাব বলছে, সেমিফাইনালের আগ পর্যন্ত ভারত ও পাকিস্তানের দেখা হওয়ার কোনো সুযোগ নেই। ভারত কোয়ার্টার ফাইনাল জিতলে সেমিফাইনালে খেলবে কোয়ার্টার ফাইনাল-৩-এর বিজয়ীর বিপক্ষে। অন্যদিকে পাকিস্তান মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনাল-৪-এর বিজয়ীর। দুই দলই নিজ নিজ সেমিফাইনাল জিতলে তবেই আসবে কাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান দ্বৈরথ।
