রিয়াদে মুগ্ধ সাব্বির অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে নিয়ে বড় স্বপ্ন
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ ক্রিকেটের গল্পটা এখন আর শুধু হার-জিতের হিসাব নয়। সময় বদলেছে, বদলেছে প্রতিপক্ষের চোখে বাংলাদেশের অবস্থানও। সেই বদলে যাওয়া বাস্তবতার মধ্যেই অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি খেলতে গেছে বাংলাদেশ এইচপি দল। দলে আছেন সাব্বির রহমান, আর মেন্টর হিসেবে আছেন তার বহুদিনের সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদ।
সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে খুব একটা আলো ছড়াতে পারেননি সাব্বির। মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও সুযোগ পেয়েছিলেন, কিন্তু ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি। এবার অস্ট্রেলিয়ার মাটিতে সেই ব্যর্থতা পেছনে ফেলে নতুন করে শুরু করার সুযোগ তার সামনে। তবে এই সফরে সাব্বিরের জন্য বাড়তি স্বস্তির জায়গা রিয়াদ। সতীর্থ হিসেবে প্রায় এক দশক একসঙ্গে ক্রিকেট খেলেছেন তারা। এবার সম্পর্কের সেই জায়গাটিই নতুন রূপ পেয়েছে। রিয়াদ মেন্টর, আর সাব্বির তার কাছ থেকে নিচ্ছেন মাঠ ও মাঠের বাইরের পরামর্শ। রিয়াদের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে সাব্বিরের কণ্ঠে ছিল স্বস্তি ও উচ্ছ্বাস, (রিয়াদ ভাইয়ের সঙ্গে কাজ) এক কথায় ফ্যান্টাস্টিক। যেভাবে আমাদের মনিটর করছেন, পার্ট বাই পার্ট বুঝাচ্ছেন। মনে হচ্ছে আমার কলিগই আমাকে বুঝাচ্ছেন। অনেক দিন খেলেছি উনার সাথে। ৭-৮ বছর খেলেছি। খুব ফ্রি-লি কথা বলতে পারছি। ফ্যান্টাস্টিক ওয়ার্ক। অস্ট্রেলিয়া সফরের আরেকটি উল্লেখযোগ্য দিক দেশি কোচদের ওপর আস্থা। দলের সহকারী কোচ হিসেবে কাজ করছেন সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস। দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলা ক্রিকেটারদের কোচিংয়ের সঙ্গে যুক্ত করার বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন সাব্বির।
অবশ্যই এটা বড় অর্জন হবে। দেশি কোচ প্লেয়ারদের চেনেন। যারা আসছেন সবাই ১০-১২-১৫ বছর জাতীয় দলে খেলেছেন। এটা খুব ভালো উদ্যোগ। (বিসিবি সভাপতি) তামিম ইকবাল ভাই খুব ভালোভাবে এটা নিচ্ছে।
