রদ্রির জন্য বার্সার হাজার কোটি টাকার বাজি!
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
এক হাজার কোটি টাকার ওপরে খরচ করে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিকে ঘরে তুলতে যাচ্ছে বার্সেলোনা। প্রায় দশ দিনের টানটান দর-কষাকষির পর দুই ক্লাব ৭৫ মিলিয়ন ইউরোতে চুক্তির বিষয়ে একমত হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অঙ্ক প্রায় ১ হাজার ৬৩ কোটি টাকা!
গত রোববারই চুক্তির মূল বিষয়গুলো চূড়ান্ত করেছেন বার্সেলোনার পরিচালক ডেকো ও ম্যানচেস্টার সিটির ক্রীড়া পরিচালক হুগো ভিয়ানা। এখন আনুষ্ঠানিকতার অপেক্ষা। চুক্তির কাগজে স্বাক্ষর এবং রদ্রির মেডিকেল পরীক্ষা শেষ হলেই বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করবে। বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা রদ্রিকে পাওয়ার লড়াইয়ে বার্সেলোনার প্রথম প্রস্তাব অবশ্য ছিল অনেক কম। গত ৭ আগস্ট প্রায় ৪৫ মিলিয়ন ইউরো দিয়ে আলোচনা শুরু করে কাতালান ক্লাবটি। সিটির চাহিদা ছিল প্রায় দ্বিগুণ-নির্দিষ্ট অঙ্ক ও অ্যাড-অন মিলিয়ে ৯০ মিলিয়ন ইউরো।
দুই পক্ষের সেই বিশাল ব্যবধান কমাতে শুরু হয় একের পর এক প্রস্তাব। রদ্রিকে পেতে বার্সা মোট পাঁচবার প্রস্তাব দেয়। এর মধ্যে চারটি ছিল আনুষ্ঠানিক, আর একটি ছিল মৌখিক। বার্সেলোনা প্রতিবার প্রায় ৫ মিলিয়ন ইউরো করে প্রস্তাব বাড়িয়েছে। অন্যদিকে সিটি তাদের দাবি ১০ মিলিয়ন ইউরো করে কমিয়েছে।
শেষ পর্যন্ত শুক্রবার রাতে বার্সেলোনার প্রস্তাব দাঁড়ায় ৭০ মিলিয়ন ইউরোতে। দুই পক্ষের ব্যবধান তখন ১০ মিলিয়ন। ৪৮ ঘণ্টার মধ্যেই সেই দূরত্ব মুছে যায়। গত রোববার ৭৫ মিলিয়ন ইউরোর চুক্তিতে পৌঁছে যায় দুই ক্লাব। চুক্তির কাঠামোয় শুরুতে ম্যানচেস্টার সিটিকে প্রায় ৬০ মিলিয়ন ইউরো দেবে বার্সেলোনা। সঙ্গে থাকছে ১১ মিলিয়ন ইউরোর বেশি বোনাস বা অ্যাড-অন। এগুলোর বেশিরভাগই অর্জনযোগ্য হওয়ায় সব শর্ত পূরণ হলে সিটির আয় অন্তত ৭১.৫ মিলিয়ন ইউরোতে পৌঁছাতে পারে। রদ্রির ক্ষেত্রে অর্থের অঙ্কটা আরও তাৎপর্যপূর্ণ, কারণ তার সিটির চুক্তির মেয়াদ এক বছরেরও কম সময় বাকি। চাইলেই আরও কিছুদিন অপেক্ষা করে তাকে কম দামে পাওয়ার চেষ্টা করতে পারত বার্সা।
