বাংলাদেশ টেস্টের টিকিট নিয়ে হাহাকার!

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

একটি জয় কখনো কখনো শুধু স্কোরবোর্ড বদলায় না, বদলে দেয় পুরো আবহ! ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর ঠিক তেমনই চিত্র দেখা যাচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্টকে ঘিরে। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় হতে যাওয়া ম্যাচটির প্রথম দিনের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। এমনকি দ্বিতীয় দিনের টিকিটও দ্রুত শেষ হয়ে আসছে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ২২ আগস্ট শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট আনুষ্ঠানিকভাবে ‘সোল্ড আউট’। সংস্থাটি দর্শকদের বাকি দিনগুলোর টিকিট দ্রুত সংগ্রহ করার আহ্বান জানিয়েছে। ডারউইনের ফল যে দুই দলের লড়াইয়ের প্রতি আগ্রহে বড় ধরনের প্রভাব ফেলেছে, টিকিট বিক্রির গতিই তার বড় প্রমাণ। অথচ সিরিজ শুরুর আগে এমন দৃশ্য কল্পনা করা কঠিন ছিল। অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ যে এতটা দাপুটে ক্রিকেট খেলবে, সেটি ছিল অনেকের কাছেই অপ্রত্যাশিত। মারারা স্টেডিয়ামে প্রথম টেস্টে বাংলাদেশ ব্যাটে-বলে দারুণ আধিপত্য দেখায়। অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৯৮ এবং দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে গুটিয়ে দিয়ে ৪২৬ রানের বিশাল ইনিংস গড়ে বাংলাদেশ। এরপর মাত্র এক উইকেট হারিয়েই ৫৭ রানের লক্ষ্য পেরিয়ে যায় তারা। সেই জয়ের পরই দ্বিতীয় টেস্ট যেন কেবল আরেকটি ম্যাচ থাকেনি; হয়ে উঠেছে সিরিজের ভাগ্য নির্ধারণের মঞ্চ। একদিকে অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর তাগিদ, অন্যদিকে বাংলাদেশের সামনে সিরিজ জিতে অস্ট্রেলিয়ার মাটিতে আরও বড় ইতিহাস গড়ার সুযোগ-দুইয়ের টানাপোড়েনেই বাড়ছে ম্যাচটির উত্তাপ! ম্যাকাইয়ের জন্যও এই টেস্ট আলাদা গুরুত্ব বহন করছে। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হতে যাচ্ছে। এই মাঠেই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক পুরুষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। ফলে অভিষেক টেস্ট ভেন্যুতেই বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মতো আলোচিত সিরিজের দ্বিতীয় ম্যাচ আয়োজন স্থানীয় ক্রিকেটপ্রেমীদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গও দর্শকদের আগ্রহকে বিশেষভাবে উল্লেখ করেছেন। আগস্টে অস্ট্রেলিয়ায় সাধারণত টেস্ট ক্রিকেট আয়োজনের প্রচলন না থাকলেও উত্তরাঞ্চলে আয়োজিত এই সিরিজকে ঘিরে স্থানীয় ও আন্তর্জাতিক সমর্থকদের আগ্রহকে তিনি অপ্রত্যাশিত এবং প্রশংসনীয় হিসেবে দেখছেন। এই ম্যাচকে ঘিরে শুধু ক্রিকেট নয়, অর্থনীতির হিসাবও মিলছে।